নিউজপোল ব্যুরো: বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা! নভেম্বরের মাঝামাঝি সময়ে নতুন করে আবহাওয়ার ভোলবদলের ইঙ্গিত মিলছে। সাগরে তৈরি হওয়া নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে আশঙ্কা করছেন আবহবিদরা। সম্ভাব্য এই ঘূর্ণিঝড়ের নাম ‘আকভান’। আবহাওয়ার একাধিক মডেলে ইঙ্গিত মিলেছে, ঘূর্ণিঝড় তৈরি হলে তার গতিপথ হতে পারে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূল। যদিও এখনও পর্যন্ত ঘূর্ণিঝড়ের অভিমুখ নিয়ে চূড়ান্ত কোনও পূর্বাভাস নেই।
সাধারণত নভেম্বর মাসে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হলে তা অন্ধ্রপ্রদেশ-তামিলনাড়ু উপকূল অথবা বাংলাদেশ-মায়ানমার উপকূলের দিকে এগিয়ে যায়। কিন্তু এবার সেই চেনা গতিপথে বদলের সম্ভাবনা দেখা যাচ্ছে। আবহাওয়ার মডেলগুলির এই ইঙ্গিত ঘিরেই বাড়ছে উদ্বেগ।
হাওয়া অফিসের পর্যবেক্ষণে, বর্তমানে আরব সাগর ও বঙ্গোপসাগরে একাধিক আবহাওয়াজনিত পরিস্থিতি সক্রিয় রয়েছে। দুই সাগরের বায়ুপ্রবাহ এবং উত্তরাখণ্ডের উপর থাকা পশ্চিমী ঝঞ্ঝা সম্ভাব্য ঘূর্ণিঝড়ের গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। আরব সাগরের পরিস্থিতির পরিবর্তন হলে ‘আকভান’ উত্তর ও উত্তর-পূর্ব দিকে বাঁক নিতে পারে। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলের দিকে এগোনোর সম্ভাবনা তৈরি হতে পারে।
তবে কিছুটা স্বস্তির ইঙ্গিতও রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উপকূলের কাছে এসে ঘূর্ণিঝড় শক্তি হারাতে পারে। যদিও তার প্রভাবে বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ইতিমধ্যেই জগদ্ধাত্রী ও কার্তিক পুজোয় দক্ষিণবঙ্গে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আগামী সপ্তাহে আবহাওয়ার গতিপ্রকৃতির দিকে নজর রাখছেন আবহবিদরা।
