আজ ১৩ নভেম্বরেই কি শেষ পৃথিবী? ৬০ বছর আগে বিজ্ঞানীরা যে হিসাব কষেছিলেন, তা কি আজও ভয় দেখাচ্ছে? সত্যিটা জানলে চমকে যাবেন!

অন্যান্য আন্তর্জাতিক

নিউজপোল ব্যুরো: ক্যালেন্ডারের পাতায় আজ ১৩ নভেম্বর, ২০২৬। আর এই দিনটিকেই নাকি পৃথিবীর শেষের দিন হিসেবে চিহ্নিত করেছিলেন বিজ্ঞানীরা! প্রায় ৬০ বছর আগে প্রকাশিত একটি গবেষণাপত্রের পুরনো হিসাব ঘিরে ফের শুরু হয়েছে আলোচনা। তাহলে কি সত্যিই আজ পৃথিবী ধ্বংস হয়ে যাবে? নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও বৈজ্ঞানিক ব্যাখ্যা? আতঙ্কের কারণ খুঁজতে গেলে ফিরে যেতে হবে ১৯৬০ সালে।

১৯৬০ সালের ৪ নভেম্বর বিজ্ঞানভিত্তিক জার্নাল ‘সায়েন্স’-এ প্রকাশিত হয়েছিল একটি গবেষণাপত্র। নাম ছিল ‘ডুমসডে: ফ্রাইডে, নভেম্বর ১৩, এ.ডি ২০২৬’। গবেষণাটি করেছিলেন পদার্থবিজ্ঞানী হেইনজ় ভন ফরেস্টার, প্যাট্রিশিয়া এম মোরা এবং লরেন্স ডব্লু আমিওট। তাঁরা কয়েক শতাব্দীর জনসংখ্যার তথ্য বিশ্লেষণ করে দেখেছিলেন, পৃথিবীতে মানুষের সংখ্যা যে হারে বাড়ছে, তা ভবিষ্যতে ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে পারে।

গবেষকদের তৈরি গাণিতিক মডেল অনুযায়ী, জনসংখ্যা বৃদ্ধির সেই গতি একইভাবে চলতে থাকলে ২০২০ সালের মধ্যেই পৃথিবীর জনসংখ্যা ২৫০০ কোটি ছাড়িয়ে যাওয়ার কথা ছিল। আর ২০২৬ সালের ১৩ নভেম্বর জনসংখ্যা পৌঁছে যাওয়ার কথা ছিল অসীমের কাছাকাছি! অর্থাৎ মানুষের সংখ্যা এতটাই বেড়ে যেত যে প্রচলিত গাণিতিক হিসাবও আর কাজ করত না। এই অস্বাভাবিক পরিস্থিতিকে বোঝাতেই তাঁরা ‘ডুমসডে’ শব্দটি ব্যবহার করেছিলেন। তবে ১৩ নভেম্বর তারিখটির সঙ্গে আরও একটি যোগ রয়েছে। গবেষক হেইনজ় ভন ফরেস্টারের জন্মদিন ছিল এই দিনেই। তাঁর জন্মদিনের সঙ্গে মিলিয়েই গবেষণার শিরোনামে এই নির্দিষ্ট তারিখ উঠে এসেছিল।

কিন্তু বাস্তব ছবিটা একেবারেই আলাদা। গবেষণার সেই অনুমান শেষ পর্যন্ত মেলেনি। সময়ের সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশে জন্মহার কমেছে, বদলেছে জনসংখ্যা বৃদ্ধির গতি। রাষ্ট্রপুঞ্জের হিসাবেও পৃথিবীর জনসংখ্যা এখন প্রায় ৮২০ কোটির কাছাকাছি, যা ওই পুরনো মডেলের অনুমানের ধারেকাছেও নয়।

তাই আজকের দিনটিকে পৃথিবীর শেষ দিন ভাবার কোনও কারণ নেই। গবেষণাটি আসলে ছিল জনসংখ্যা বৃদ্ধির বিপদ নিয়ে একটি গাণিতিক সতর্কবার্তা, পৃথিবী ধ্বংসের ভবিষ্যদ্বাণী নয়। পুরনো সেই হিসাব আজও কৌতূহল তৈরি করলেও বাস্তব বিজ্ঞান বলছে, ১৩ নভেম্বর পৃথিবীর শেষ নয়।