নিউজপোল ব্যুরো: দুপুরের রাস্তায় তখন স্বাভাবিক যান চলাচল। সেই সময় টিউশন থেকে সাইকেল চালিয়ে বাড়ির পথে রওনা হয়েছিল ষষ্ঠ শ্রেণির ছাত্র আনমোল ঝা। কিন্তু মাঝেরহাট স্টেশনের কাছে পৌঁছতেই ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা। একটি সিমেন্ট বোঝাই লরির ধাক্কায় প্রাণ হারায় মাত্র ১২ বছরের কিশোর।
বৃহস্পতিবারের এই ঘটনায় শোকের পাশাপাশি ক্ষোভ ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। জানা গিয়েছে, দুপুর ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে দুর্ঘটনাটি ঘটে। তারাতলা থানার অন্তর্গত ওই এলাকায় একটি সিমেন্ট বোঝাই লরি মেন রোড থেকে ভিতরের দিকে যাচ্ছিল। সেই সময় একই দিকে সাইকেল চালিয়ে যাচ্ছিল আনমোল। রাস্তা পারাপারের চেষ্টা করার সময় লরিটি তাকে ধাক্কা মারে। চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হয় কিশোরটি। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা বাঁচাতে পারেননি।
ঘটনার খবর সামনে আসতেই এলাকায় উত্তেজনা ছড়ায়। ক্ষুব্ধ বাসিন্দারা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ইতিমধ্যেই দুর্ঘটনায় জড়িত লরিটিকে বাজেয়াপ্ত করা হয়েছে।
কীভাবে দুর্ঘটনাটি ঘটল, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। একদিকে পরিবারের শোক, অন্যদিকে স্থানীয়দের ক্ষোভ—সব মিলিয়ে বৃহস্পতিবার দুপুরে উত্তপ্ত হয়ে ওঠে মাঝেরহাট স্টেশন সংলগ্ন এলাকা।
