নিউজপোল ব্যুরো: সাতসকালের নিস্তব্ধতা ভেঙে খাস কলকাতায় প্রবীণ আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে নজিরবিহীন দুষ্কৃতী তাণ্ডব! বৃহস্পতিবার সকাল সাড়ে ৫টা নাগাদ পূর্ব যাদবপুরে বিকাশরঞ্জনের বাড়ি লক্ষ্য করে হঠাৎ হামলা চালায় মুখ ঢাকা এক দুষ্কৃতী। অভিযোগ, মোটরবাইকের নম্বর প্লেট ঢেকে সাদা পলিথিন ব্যাক থেকে একের পর এক মদের বোতল বের করে সোজা বাড়ির জানলা লক্ষ্য করে ছুড়তে থাকে ওই ব্যক্তি। মদের বোতলের আঘাতে মূহূর্তেই জানলার কাচ ভেঙে চুরমার হয়ে যায় এবং অল্পের জন্য বেঁচে যান বাড়ির এক পরিচালিকা।
পুরো ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়লেও দুষ্কৃতীর মুখ ও বাইকের নম্বর ঢাকা থাকায় পরিচয় স্পষ্ট হয়নি। বিকাশরঞ্জন জানান, হামলা চালানোর সময় তাকে উদ্দেশ্য করে অকথ্য গালিগালাজও করা হয়। এটি একটি পরিকল্পিত আক্রমণ বলে দাবি করে তিনি সাফ জানান, “আমাকে এভাবে ভয় দেখিয়ে পিছিয়ে দেওয়া যাবে না। এবার নিজের নিরাপত্তার জন্য আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নেব।” ঘটনার পর যাদবপুর ও পূর্ব যাদবপুর থানার পুলিশ গিয়ে তদন্ত শুরু করেছে।
এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে সরব হয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। রাজ্যজুড়ে আইনজীবী ও জনপ্রতিনিধিদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে তিনি সায়ন বন্দ্যোপাধ্যায় ও কুণাল ঘোষের ওপর হামলার ঘটনা টেনে আনেন। রাজনীতির অন্দরে তোলপাড় শুরু হলেও ঘটনার আসল কারণ এবং হামলাকারীর পরিচয় জানতে পুলিশ cctv ফুটেজ খতিয়ে দেখছে। তবে এই হামলার পিছনে কোনো রাজনৈতিক যোগসূত্র আছে কি না তা নিয়ে জল্পনা এখনও তুঙ্গে।
