ছেঁড়া শাড়ি আর খালি পা, দারিদ্র্যতাকে হার মানিয়ে ৬ মিনিটে ১৬০০ মিটার! কবিতার স্বপ্ন ছুঁতে দৌড়

ক্রীড়া দেশ

নিউজপোল ব্যুরো:  দারিদ্রতার কাছে স্বপ্ন কখন থেমে যায় না ,তার এক অনন্য নজির ঝাড়খন্ডের রামগড়ের কবিতা কুমারীর।পায়ে নদৌড়ের জুতো, পরনে স্পোর্টস ড্রেসও না থাকা সত্বেও ছেঁড়া শাড়ি ,খালি পায়েই ১৬০০ মিটার দৌড়, তাও মাত্র ৬ মিনিটে! ঝাড়খণ্ডের রামগড়ের কবিতা কুমারীর এই লড়াই এখন সোশ্যাল মিডিয়ায় অনুপ্রেরণার গল্প হয়ে উঠেছে।

রামগড়ের সোশো গ্রামের বাসিন্দা কবিতা। দীর্ঘ অসুস্থতার পর তাঁর স্বামী দীপক মাহতো মারা যান। এরপর দুই সন্তান‌ ও সংসারের দায়িত্ব এসে পড়ে তাঁর কাঁধে। সন্তানদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে তিনি নিরাপত্তারক্ষীর কাজ শুরু করেন ।

হোমগার্ডের চাকরি সুনিশ্চিত করতে প্রতিদিন ভোর ৪টেয় সন্তানরা ঘুম থেকে ওঠার আগেই গ্রামের রাস্তায় দৌড়ের অনুশীলন করতেন কবিতা। উপযুক্ত পোশাক বা রানিং শু না থাকলেও থামেনি প্রস্তুতি।

সম্প্রতি স্থানীয় একটি প্রশিক্ষণ অ্যাকাডেমিতে ট্রায়াল রানের সময় শাড়ি পরেই খালি পায়ে ১৬০০ মিটার দৌড়ান তিনি। মাত্র ৬ মিনিটে দৌড় শেষ করেন কবিতা। মহিলাদের নির্ধারিত ১০ মিনিটের সময়সীমার তুলনায় তাঁর সময় অনেকটাই কম।

আগামী ২৪ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত রামগড়ে হোম গার্ড নিয়োগের শারীরিক পরীক্ষা হওয়ার কথা। ২৮৪টি পদের মধ্যে ৫০ শতাংশ মহিলাদের জন্য সংরক্ষিত। কবিতার এখন একটাই লক্ষ দুই সন্তানের ভবিষ্যতের জন্য সরকারি চাকরি।