জ্ঞানেশ কুমারের নিয়োগ মামলায় ফের টানাপোড়েন, সতীশচন্দ্র শর্মার রায় প্রত্যাহারের আর্জি

breakingnews দেশ

নিউজপোল ব্যুরো: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিয়োগ নিয়ে তৈরি হয়েছে আইনি জটিলতা। একদিকে নিয়োগ সংক্রান্ত আইনের সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন, অন্যদিকে দুই বিচারপতির আলাদা রায়। এবার সেই রায় প্রত্যাহারের দাবিতে সুপ্রিম কোর্টে জমা পড়ল নতুন আবেদন। ফলে গোটা মামলায় তৈরি হয়েছে নতুন আইনি সমীকরণ।

২০২৩ সালে কেন্দ্রের আনা আইনে মুখ্য নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনারদের নিয়োগের পদ্ধতিতে বড় পরিবর্তন আনা হয়। নতুন আইনে নিয়োগকারী কমিটি থেকে ভারতের প্রধান বিচারপতিকে বাদ দেওয়া হয়। এই আইনের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়।

গত ২৩ সেপ্টেম্বর বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চে এই মামলার শুনানি হয়। বিচারপতি দত্ত মনে করেন, বিষয়টি বৃহত্তর বেঞ্চে পাঠানোর প্রয়োজন নেই। অন্যদিকে বিচারপতি শর্মা মনে করেন, আইনের সাংবিধানিক বৈধতা নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে এবং পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চে তার শুনানি হওয়া উচিত। মতপার্থক্যের পর বিষয়টি প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়।

এর মধ্যেই বিচারপতি শর্মার মতামত প্রত্যাহারের আবেদন করা হয়েছে। আবেদনে দাবি করা হয়েছে, তাঁর ছেলে মধ্যপ্রদেশ হাই কোর্টে নির্বাচন কমিশনের স্ট্যান্ডিং কাউন্সেল হিসেবে কাজ করেন—এই পেশাগত সম্পর্ক শুনানির সময় প্রকাশ করা হয়নি। আবেদনকারীদের বক্তব্য, এতে বিচারপতির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে আবেদনে বিচারপতি শর্মার বিরুদ্ধে সরাসরি পক্ষপাতের অভিযোগ আনা হয়নি।

বুধবার প্রধান বিচারপতি সূর্য কান্ত জানান, আবেদনটি খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। ফলে জ্ঞানেশ কুমারের নিয়োগ সংক্রান্ত মামলার পরবর্তী পদক্ষেপ এখন সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের উপরই নির্ভর করছে।