গাড়ি ভাঙচুর থেকে পড়ুয়াদের উপর হামলা, SRFTI-কাণ্ডে ৩ অভিযোগ

breakingnews কলকাতা জেলা রাজনীতি রাজ্য

নিউজপোল ব্যুরো:রবিবার অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের অনুষ্ঠানকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট বা SRFTI ক্যাম্পাস। এই ঘটনায় পঞ্চসায়র থানায় মোট তিনটি অভিযোগ দায়ের হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ক্যাম্পাসের ভিতরে গাড়িতে ধাক্কাধাক্কি এবং গাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনায় পুলিশের তরফে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। পাশাপাশি, অনুষ্ঠানের আয়োজকদের তরফেও থানায় অভিযোগ করা হয়েছে।

অন্যদিকে, অনুমতি নিয়ে সভা করার পরেও হামলার অভিযোগ তুলে পড়ুয়াদের তরফে পৃথক একটি অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে। অভিযোগকে কেন্দ্র করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও দেখুন:-বিসর্জনে বড় বদল! এবার ক্রেন নয়, ট্রলিতে হবে প্রতিমার সাত পাক

জানা যায়, রবিবার ক্যাম্পাসের একটি প্রেক্ষাগৃহে অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের অনুষ্ঠান চলছিল। সেই সময় একদল পড়ুয়া অনুষ্ঠানে বাধা দেন বলে অভিযোগ। এরপরেই দু’পক্ষের মধ্যে প্রথমে বচসা এবং পরে হাতাহাতি শুরু হয়। দুই পক্ষই পরস্পরের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছে।

গোলমালের জেরে দুপুরের পর দীর্ঘক্ষণ ক্যাম্পাসের বাইরে বেরোতে পারেননি পড়ুয়া ও অধ্যাপকেরা। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। পড়ুয়াদের দাবি, ঘটনায় প্রায় ১০ জন আহত হয়েছেন, তাঁদের মধ্যে দু’জনের চোট গুরুতর।