পর্যটন থেকে হাসপাতাল, রাজ্যে বিনিয়োগের বড় বার্তা—নতুন কী ঘোষণা হল?

breakingnews কলকাতা জেলা রাজনীতি রাজ্য

নিউজপোল ব্যুরো: বিশ্ব পর্যটন দিবসেই রাজ্যের পর্যটন ক্ষেত্রে এল বড় বিনিয়োগের খবর। পর্যটন খাতে ১২ হাজার ৫৩৪ কোটি টাকা বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন বিভিন্ন বিনিয়োগকারী। এর ফলে প্রায় ২২ হাজার নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে বলে আশা করছে রাজ্য সরকার।

রবিবার পর্যটন দফতরের উদ্যোগে আয়োজিত বৈঠকে উপস্থিত ছিলেন শিল্পপতি হর্ষ নেওটিয়া, ITC-র শীর্ষ আধিকারিক-সহ একাধিক বিনিয়োগকারী। রাজ্যের পর্যটনকেন্দ্রগুলির উন্নয়ন, সৌন্দর্যায়ন এবং পর্যটকদের জন্য পরিষেবা আরও উন্নত করার বিষয়ে বৈঠকে আলোচনা হয়।

আরও দেখুন:-গাড়ি ভাঙচুর থেকে পড়ুয়াদের উপর হামলা, SRFTI-কাণ্ডে ৩ অভিযোগ

একই দিনে স্বাস্থ্যক্ষেত্রেও নতুন বিনিয়োগের সূচনা হয়েছে। নিউটাউনের সিলিকন ভ্যালিতে ২ হাজার শয্যার ‘আদানি আরোগ্য মন্দির’-এর ভূমিপুজো ও শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পপতি গৌতম আদানি।

রাজ্যে ভবিষ্যৎ বিনিয়োগ নিয়েও মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর আলোচনা হয়। গৌতম আদানি জানান, ২০৩৫ সালের মধ্যে রাজ্যে ১ লক্ষ কোটি টাকার বেশি বিনিয়োগের আশা রয়েছে। বন্দর, লজিস্টিক, বিদ্যুৎ, সড়ক, সেতু, রোপওয়ে, সিমেন্ট এবং ডেটা সেন্টার-সহ বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের পরিকল্পনার কথা জানান তিনি। পাশাপাশি রাজ্য সরকার ও আদানি গোষ্ঠীর মধ্যে দুটি সমঝোতাপত্রও সই হয়েছে।