Eid 2026 : ঈদের সকালে চেতলায় নামাজে মেয়র , কলকাতাবাসীকে দিলেন শুভেচ্ছা ও শান্তির বার্তা

breakingnews কলকাতা

নিউজ পোল ব্যুরো: পবিত্র রমজান মাসের শেষে খুশির উৎসব ইদ। রবিবার সকালে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের মানুষ ইদের নামাজে অংশ নেন। সেই আবহেই কলকাতার চেতলার মসজিদে পরিবার-সহ ইদের নামাজে সামিল হন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। প্রতি বছরের মতো এ বছরও তিনি চেতলার মসজিদে গিয়ে প্রার্থনায় অংশ নেন এবং সকলের শান্তি ও মঙ্গল কামনা করেন।

আরও পড়ুন: Mamata Banerjee: ‘১০ লাখ নাম বাদ গিয়েছে!সাপ্লিমেন্টারি লিস্ট নিয়ে মমতার বড় দাবিতে চাঞ্চল্য

নামাজ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র ফিরহাদ হাকিম কলকাতাবাসী এবং সমগ্র রাজ্যবাসীকে ইদের শুভেচ্ছা জানান। তিনি বলেন, ইদ শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা বহন করে। সকল মানুষ যেন শান্তি, সৌহার্দ্য এবং ভালোবাসার পরিবেশে একসঙ্গে বসবাস করতে পারেন, সেই কামনাই করেন তিনি। একই সঙ্গে তিনি রাজ্যের সর্বস্তরের মানুষের সুখ, শান্তি এবং সমৃদ্ধি কামনা করেন।রমজান মাস জুড়ে মুসলিম সম্প্রদায়ের মানুষ রোজা পালন করে আত্মসংযম, ধৈর্য এবং ধর্মীয় অনুশাসনের মধ্যে দিয়ে সময় কাটান। সেই এক মাসের সাধনার শেষে ইদের আনন্দে মেতে ওঠেন সকলে।

রবিবার সকাল থেকেই কলকাতার বিভিন্ন মসজিদে উপচে পড়া ভিড় দেখা যায়। নতুন পোশাক পরে, পরিবার ও বন্ধুদের সঙ্গে ইদের নামাজ আদায় করতে মসজিদে হাজির হন অসংখ্য মানুষ। শুধু কলকাতা নয়, রাজ্যের বিভিন্ন জেলা শহর এবং গ্রামাঞ্চলেও ইদের নামাজের বিশেষ ব্যবস্থা করা হয়। প্রশাসনের পক্ষ থেকেও নিরাপত্তা এবং শৃঙ্খলা বজায় রাখতে নেওয়া হয় একাধিক ব্যবস্থা। নামাজ শেষে একে অপরকে আলিঙ্গন করে ইদের শুভেচ্ছা জানান মানুষজন। মিষ্টিমুখ, শুভেচ্ছা বিনিময় এবং পারিবারিক আড্ডার মধ্য দিয়ে উৎসবের আনন্দ আরও বাড়িয়ে তোলেন সকলে। এদিন সকাল থেকেই কলকাতা-সহ গোটা রাজ্যে উৎসবের আবহ স্পষ্ট হয়ে ওঠে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole