একটি গ্রেপ্তারি ঘিরে ফের উত্তপ্ত নন্দীগ্রামের রাজনীতি। আগামী দিনে এই মামলায় আরও চমক অপেক্ষা করছে কি না, সেটাই এখন বড় প্রশ্ন।

breakingnews অপরাধ

নিউজপোল ব্যুরোঃ পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে রাজনৈতিক মহলে ফের চাঞ্চল্য ছড়াল এক গুরুত্বপূর্ণ গ্রেপ্তারিকে কেন্দ্র করে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ একটি পুরনো বিস্ফোরণ মামলার তদন্তে নন্দীগ্রামের দাউদপুর এলাকার স্থানীয় তৃণমূল নেতা শামসুল ইসলামকে গ্রেপ্তার করেছে।

NIA সূত্রে জানা গিয়েছে, কাঁথি কো-অপারেটিভ নির্বাচনকে কেন্দ্র করে একটি বোমাবাজির ঘটনার তদন্ত চলছিল দীর্ঘদিন ধরে। নির্বাচনের সময় বিস্ফোরণের ঘটনায় কয়েকজন রাজনৈতিক কর্মী আহত হন। আহতদের মধ্যে বিজেপির একাধিক নেতা ও নেত্রীও ছিলেন বলে অভিযোগ। ঘটনার পর মামলা দায়ের হয় এবং তদন্তের দায়িত্ব পরে এনআইএ-র হাতে আসে। তদন্তে বিভিন্ন তথ্য ও প্রমাণ খতিয়ে দেখার পরই এই গ্রেপ্তারি । যদিও অভিযুক্তের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সামনে আসেনি।

স্থানীয় সূত্রের দাবি, শামসুল ইসলাম এলাকায় পরিচিত রাজনৈতিক মুখ। তাঁর গ্রেপ্তারির খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শুরু হয়েছে জোর চর্চা। রাজনৈতিক মহলেও বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।
এনআইএ সূত্রে জানা গিয়েছে, ধৃতকে আদালতে পেশ করে আরও জিজ্ঞাসাবাদের আবেদন জানানো হতে পারে। তদন্তকারীরা এখন খতিয়ে দেখছেন, ওই ঘটনায় আর কেউ জড়িত ছিলেন কি না এবং বিস্ফোরণের নেপথ্যে কোনও বড়ো পরিকল্পনা ছিল কি না। তদন্তের জাল আরও কতদূর ছড়ায়, এখন সেদিকেই নজর সবার।