নিউজপোল ব্যুরো: দীর্ঘদিনের ভ্যাপসা গরম ও অস্বস্তিকর আবহাওয়ার পর শুক্রবার ভোরে স্বস্তির বৃষ্টি পেল কলকাতা। দিনের আলো ফোটার আগেই শহরের বিভিন্ন প্রান্তে শুরু হয় বৃষ্টি। তার সঙ্গে ছিল দমকা হাওয়া ও ঝড়ের দাপট। ফলে একদিকে যেমন তাপমাত্রা কিছুটা কমেছে, অন্যদিকে বেশ কয়েকটি এলাকায় দেখা দিয়েছে সমস্যাও।
স্থানীয় সূত্রে খবর, ঝড়ের জেরে সল্টলেক ও নিউটাউনের একাধিক জায়গায় গাছের ডাল ভেঙে পড়ে। কোথাও কোথাও ছোট গাছ উপড়ে যাওয়ার ঘটনাও ঘটেছে। ভোরবেলায় রাস্তায় যানবাহন তুলনামূলক কম থাকায় বড় দুর্ঘটনার খবর পাওয়া যায়নি। তবে কিছু এলাকায় সাময়িকভাবে যান চলাচলে সমস্যা তৈরি হয়।বৃষ্টির জেরে কলকাতার কয়েকটি নিচু এলাকাতেও জল জমার খবর মিলেছে। অফিসযাত্রীদের একাংশকে সকালেই জল জমা রাস্তা পেরিয়ে পৌঁছাতে হয়েছে। যদিও দিনের সঙ্গে সঙ্গে পরিস্থিতির উন্নতি হবে বলেই মনে করা হচ্ছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক ঘণ্টা আকাশ মেঘলা থাকতে পারে এবং কোথাও কোথাও আরও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।শহরবাসীর অনেকেই বলছেন, ঝড়-বৃষ্টির কারণে কিছু অসুবিধা হলেও দীর্ঘদিনের অসহনীয় গরমের পর এই বৃষ্টি অনেকটাই স্বস্তি এনে দিয়েছে। ঠান্ডা হাওয়ায় শুক্রবার সকালটা যেন অন্যরকম এক আবহ নিয়ে হাজির হয়েছে কলকাতার বুকে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্কঃ :– https://youtube.com/@newspolebangla
