নিউজপোল ব্যুরোঃ দক্ষিণ ২৪ পরগনার নামখানায় এক চায়ের দোকানকে কেন্দ্র করে তৈরি হয়েছে তীব্র চাঞ্চল্য। স্থানীয় সূত্রে খবর, টোল প্লাজা সংলগ্ন একটি দোকান থেকে বিপুল পরিমাণ গুরুত্বপূর্ণ সরকারি ও ব্যক্তিগত নথি উদ্ধার হয়েছে। ঘটনাটি সামনে আসতেই এলাকায় শুরু হয়েছে অনেক শোরগোল। উদ্ধার হওয়া নথিগুলির মধ্যে রয়েছে ৩৫টি আধার কার্ড, ৯টি ভোটার পরিচয়পত্র, ৩৮টি এলআইসি বন্ড এবং ২৬টি এটিএম কার্ড ও বিভিন্ন ব্যাঙ্কের পাসবুক। একসঙ্গে এত সংখ্যক ব্যক্তিগত নথি একটি চায়ের দোকানে কীভাবে এল, তা নিয়েই উঠছে একাধিক প্রশ্ন।
স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রথমে কয়েকজনের নজরে আসে ওই নথিগুলি। পরে বিষয়টি জানানো হয় এলাকার রাজনৈতিক কর্মীদের। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সমস্ত নথি নিজেদের হেফাজতে নেয়। এরপর শুরু হয় প্রাথমিক তদন্ত। পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া নথিগুলির প্রকৃত মালিক কারা, সেগুলি কীভাবে সেখানে পৌঁছল এবং এর পিছনে কি চক্রান্ত, সেই সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। পরিচয়পত্রের অপব্যবহার বা আর্থিক জালিয়াতির কোনও সম্ভাবনা রয়েছে কি না, তাও তদন্তকারীরা যাচাই করছেন।
সাধারণ মানুষের প্রশ্ন, এত গুরুত্বপূর্ণ নথি যদি ভুল হাতে পড়ে, তাহলে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা কতটা সুরক্ষিত? পুলিশ জানিয়েছে, তদন্তের স্বার্থে সমস্ত তথ্য খতিয়ে দেখা হচ্ছে । নামখানার এই ঘটনা এখন স্থানীয়দের পাশাপাশি প্রশাসনিক মহলেও কৌতূহলের বিষয় হয়ে উঠেছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্কঃ :– https://youtube.com/@newspolebangla
