নিউজপোল ব্যুরো: আদালতের নির্দেশ, রাজনৈতিক সভা আর রাস্তার যান চলাচল—এই তিনকে ঘিরেই শুক্রবার কলকাতায় তৈরি হল নতুন বিতর্ক। ক্যাথিড্রাল রোডে ‘কালীঘাট তৃণমূল’-এর সভা চলাকালীন রাস্তা বন্ধ হয়ে যানজট তৈরি হওয়ার অভিযোগ উঠতেই পরিস্থিতি দ্রুত রাজনৈতিক সংঘাতে গড়ায়। এর পরই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হেস্টিংস থানায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে পুলিশ।
অভিযোগের কেন্দ্রে রয়েছে হাইকোর্টের নির্দেশ। জানা গিয়েছে, ক্যাথিড্রাল রোডে সভা করার ক্ষেত্রে রাস্তার একটি দিক যান চলাচলের জন্য খোলা রাখার নির্দেশ ছিল। কিন্তু পুলিশের দাবি, শুক্রবার সভা চলাকালীন রাস্তার দু’দিকেই মানুষের ভিড় জমে যায়। ফলে যান চলাচলে সমস্যা তৈরি হয়। এই ঘটনাকেই কেন্দ্র করে পুলিশের তরফে মামলা করা হয়েছে।
সভাস্থলে উপস্থিত মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, ইচ্ছাকৃতভাবে সভার দিকের রাস্তায় গাড়ি ঢুকিয়ে দেওয়া হচ্ছে। বিষয়টি নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন। পরিস্থিতি সামাল দিতে কিছুক্ষণের জন্য সভাও থামিয়ে দেওয়া হয়। প্রথমে ওই রাস্তা দিয়ে থাকা গাড়িগুলিকে বেরিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়ার কথা বলেন তিনি। অন্যদিকে, বিষয়টি নিয়ে সরাসরি কড়া অবস্থান নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য, হাইকোর্টের নির্দেশ মেনে রাস্তার একদিক খোলা রেখে সভা করার কথা থাকলেও তা মানা হয়নি। সভার কারণে রাস্তা বন্ধ হয়ে যাওয়ার অভিযোগকে গুরুত্ব দিয়ে তিনি পুলিশকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে FIR করার নির্দেশ দেওয়ার কথা জানান।
হেস্টিংস থানায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করা হয়। অর্থাৎ কোনও ব্যক্তির লিখিত অভিযোগের ভিত্তিতে নয়, ঘটনাটি ও পুলিশের নিজস্ব রিপোর্টের ভিত্তিতেই মামলা শুরু হয়েছে বলে জানা যাচ্ছে।এখন প্রশ্ন, এই FIR-এর পর জল কতদূর গড়ায়? বিষয়টি কি আদালত পর্যন্ত যাবে? রাজনৈতিক চাপানউতোরের মধ্যেই আইনি লড়াই আরও বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ক্যাথিড্রাল রোডের একটি রাজনৈতিক সভাকে কেন্দ্র করে শুরু হওয়া বিতর্ক এবার সরাসরি পুলিশি মামলার পর্যায়ে পৌঁছে গেল।
