নিউজ পোল ব্যুরো: মধ্যপ্রাচ্যে চলতে থাকা যুদ্ধের প্রভাব ক্রমশ বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে এবং তার আঁচ এসে পৌঁছেছে ভারতেও। এই পরিস্থিতিতে সোমবার সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পশ্চিম এশিয়ার উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দেন। বিশেষ করে ইরানকে উদ্দেশ্য করে তিনি স্পষ্ট জানান, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের উপর কোনও ধরনের হামলা ভারত মেনে নেবে না। একই সঙ্গে যুদ্ধ পরিস্থিতি নিয়ে আমেরিকাসহ অন্যান্য শক্তিধর দেশগুলির ভূমিকাও ইঙ্গিতপূর্ণভাবে উল্লেখ করেন তিনি।
আরও পড়ুন: Mamata Banerjee: উন্নয়ন ঘরে ঘরে! ভবানীপুর থেকে ভোট যুদ্ধ শুরু মমতার
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের জেরে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহণের পথ হরমুজ প্রণালী এখন কার্যত উত্তপ্ত হয়ে উঠেছে। ইরান ওই প্রণালীতে জাহাজ চলাচল নিয়ে কড়া অবস্থান নিয়েছে এবং হুঁশিয়ারি দিয়েছে, অনুমতি ছাড়া কোনও জাহাজ চলাচল করলে তা আক্রমণের মুখে পড়তে পারে। এর ফলে আন্তর্জাতিক বাণিজ্য এবং জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বেড়েছে। ভারতে ইতিমধ্যেই গ্যাস সরবরাহে চাপ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে সংসদে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, “হরমুজ প্রণালী অবরুদ্ধ করে রাখা কোনও ইতিবাচক পদক্ষেপ নয়। এই ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক বাণিজ্যের জন্যও ক্ষতিকর। ভারত এই পরিস্থিতিকে সমর্থন করে না এবং জাহাজের উপর হামলাও মেনে নেবে না।” তিনি আরও জানান, পশ্চিম এশিয়ার পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক এবং গত কয়েক সপ্তাহে এই নিয়ে সংসদে বিদেশমন্ত্রী এস জয়শংকর ও জ্বালানি মন্ত্রী হরদীপ সিং পুরী বিস্তারিত তথ্য দিয়েছেন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
প্রধানমন্ত্রী জানান, যুদ্ধ পরিস্থিতির প্রভাব শুধু ওই অঞ্চলে সীমাবদ্ধ নেই, বরং তা বিশ্ব অর্থনীতি ওসাধারণ মানুষের জীবনেও প্রভাব ফেলতে পারে। তাই ভারত সরকার পরিস্থিতির উপর কড়া নজর রাখছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা ভারতীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে ভারতীয় দূতাবাস ও মিশনগুলো ২৪ ঘণ্টা কাজ করছে। ইতিমধ্যেই ৩ লক্ষ ৭৫ হাজারেরও বেশি ভারতীয়কে দেশে ফিরিয়ে আনা হয়েছে, যার মধ্যে শুধু ইরান থেকেই এক হাজারের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। সরকার পরিস্থিতি নিয়ে সম্পূর্ণ সতর্ক ও সংবেদনশীল বলে আশ্বাস দেন প্রধানমন্ত্রী।
