নিউজপোল ব্যুরো: ক্যামাক স্ট্রিটের অফিসকাণ্ডে এবার তদন্তে আরও গতি। ২৭ অগস্টের ঘটনায় তথ্য ও প্রমাণ সংগ্রহ করতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে পৌঁছল গোয়েন্দা দফতরের আধিকারিকরা। একইসঙ্গে সোমবার সকালে ফের ওই অফিসে যায় পুলিশ ও দমকলের দল। ফলে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে।
জানা গিয়েছে, ২৭ অগস্ট ক্যামাক স্ট্রিটের অফিসে বিলবোর্ড খোলা ঘিরে যে উত্তেজনা তৈরি হয়েছিল, সেই ঘটনার তদন্তেই গোয়েন্দারা সেখানে যান। ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় তথ্য ও প্রমাণ সংগ্রহ করা হচ্ছে বলে সূত্রের খবর। অন্যদিকে, সোমবার পুলিশ ও দমকল আধিকারিকদের তৎপরতাতেও তৈরি হয় নতুন প্রশ্ন। অফিসের নীচে থাকা শেড এবং বিল্ডিংয়ের বিভিন্ন অংশ নিয়ে দমকলের তরফে কিছু প্রশ্ন তোলা হয়েছে বলে জানা যাচ্ছে। মূল বিল্ডিং প্ল্যানে ওই অংশের উল্লেখ রয়েছে কি না, অনুমতি নেওয়া হয়েছিল কি না—সেই বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি অফিসের বেসমেন্ট-সহ একাধিক জায়গায় পরীক্ষা চালানো হয়। পুলিশের দাবি, ফায়ার অডিটের অংশ হিসেবেই এই পরিদর্শন।
এর মধ্যেই ক্যামাক স্ট্রিটকাণ্ডে আরও বড় পদক্ষেপ করেছে কলকাতা পুলিশ। আগামী মঙ্গলবার বেলা ১২টায় শেক্সপিয়র সরণি থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরার জন্য নোটিস দেওয়া হয়েছে। শনিবার রাতে তাঁর বাড়িতে গিয়ে পুলিশ নোটিস দেওয়ার পরই এই তলব সামনে আসে।
২৭ অগস্টের ঘটনার পর একাধিক অভিযোগে মামলা দায়ের হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও ডেরেক ও’ব্রায়েন, বৈশ্বানর চট্টোপাধ্যায় এবং হুমায়ুন কবীরের নাম মামলায় রয়েছে। সরকারি কাজে বাধা, কর্তব্যরত পুলিশ ও সরকারি কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি এবং শ্লীলতাহানির অভিযোগ-সহ একাধিক ধারায় মামলা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
