এবার বীরভূমের পাথর ব্যবসায়ীর ডেরায় আন্তর্জাতিক মুদ্রার মেগা কেলেঙ্কারি! নাকা চেকিংয়ে শ্যালকের গাড়ি থেকে থরে থরে বিদেশি মুদ্রা উদ্ধার

breakingnews অপরাধ রাজনীতি রাজ্য

নিউজপোল ব্যুরো: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে ঘিরে তদন্ত যত এগোচ্ছে, ততই সামনে আসছে নতুন নতুন তথ্য। এবার নাকা চেকিংয়ের সময় তাঁর শ্যালকের গাড়ি থেকে বিদেশি মুদ্রা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। পুলিশ ইতিমধ্যেই টুলু মণ্ডলের শ্যালককে আটক করেছে বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, বোলপুর থেকে ইলামবাজারের দিকে যাওয়ার পথে মহিদাপুর গ্রামের কাছে নাকা চেকিং চলছিল। সেই সময় টুলু মণ্ডলের শ্যালকের গাড়ি থামিয়ে তল্লাশি চালানো হয়। গাড়ির ভিতর থেকে বেশ কিছু বিদেশি মুদ্রা উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে। কোথা থেকে ওই মুদ্রা এল, কেনই বা তা গাড়িতে রাখা হয়েছিল, এখন সেই প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা। ঘটনার পর টুলু মণ্ডলের শ্যালককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। উদ্ধার হওয়া বিদেশি মুদ্রার পরিমাণ এবং কোন কোন দেশের মুদ্রা রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। মুদ্রাগুলি কোনও বেআইনি লেনদেনের সঙ্গে যুক্ত কি না, সেটিও তদন্তের গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে।

এর আগে টুলু মণ্ডলের বাড়িতেও পুলিশ তল্লাশি চালিয়েছিল। শুধু নিজের বাড়ি নয়, তাঁর শ্বশুরবাড়িতেও তল্লাশি চালানো হয়েছিল বলে জানা গিয়েছে। তবে টুলু মণ্ডলের কোনও সন্ধান এখনও পাওয়া যায়নি। তাঁর হদিশ না মেলার মধ্যেই পরিবারের ঘনিষ্ঠ এক ব্যক্তির গাড়ি থেকে বিদেশি মুদ্রা উদ্ধারের ঘটনা তদন্তে নতুন মাত্রা যোগ করেছে।

তদন্তকারীরা এখন উদ্ধার হওয়া মুদ্রার উৎস এবং টুলু মণ্ডলের সঙ্গে এর কোনও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন। শ্যালকের বক্তব্যও নেওয়া হচ্ছে। পাশাপাশি তাঁর সঙ্গে কার কার যোগাযোগ ছিল, গাড়িটি কোথা থেকে কোথায় যাচ্ছিল এবং মুদ্রাগুলি কীভাবে সেখানে এল—সব দিকই খতিয়ে দেখা হচ্ছে।