নিউজ পোল ব্যুরো:বাংলা ভাষীদের উপর ভিনরাজ্যে হেনস্তা ও বাংলাদেশে পুশব্যাকের অভিযোগ ঘিরে দেশজুড়ে যখন বিতর্ক তুঙ্গে, তখন সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মসংক্রান্ত মন্তব্য ঘিরে বিস্ফোরক আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee attack)। সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্টে প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তীব্র কটাক্ষ করেন শ্রীরামপুরের সাংসদ।
আরও পড়ুন:https://thenewspole.com/2025/07/27/modi-mann-ki-baat-space-day-science-culture-sports-2047-vision/
প্রধানমন্ত্রীর পুরনো এক মন্তব্যের উদ্ধৃতি দিয়ে কল্যাণ (Kalyan Banerjee attack) লেখেন, “উনি নিজেই বলেছেন, ওঁর জন্ম বায়োলজিক্যাল নয়। ঈশ্বরের দূত উনি। যদি তাই হয়, তাহলে তো তিনি কোনও দেশের নাগরিক নন, অতিন্দ্রীয় জগতের বাসিন্দা! তাঁকে তো সেই দেবদেবীর জগতে পুশব্যাক করা উচিত।”
প্রসঙ্গত, ২০২৩ সালে একটি সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, “মা যতদিন বেঁচে ছিলেন, ভাবতাম বায়োলজিক্যালি আমার জন্ম হয়েছে। কিন্তু মায়ের মৃত্যুর পর নিশ্চিত হয়েছি, ঈশ্বরই আমাকে পাঠিয়েছেন। এই শক্তি কোনও জৈবিক প্রক্রিয়া থেকে আসে না।”
এই উক্তিকেই হাতিয়ার করে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের খোঁচা, “নরেন্দ্র মোদী নিজেকে বলেছেন স্পিরিচুয়াল সন। মা কালীরও তো বায়োলজিক্যাল জন্ম হয়নি— তিনি কি ভারতের নাগরিক? যদি মোদীর বায়োলজিক্যাল জন্মই না হয়ে থাকে, তবে তিনি কী করে ভোটার তালিকায় নাম লেখান?”
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
শুধু তাই নয়, আসন্ন বিহার নির্বাচন ঘিরে ভোটার তালিকায় নিবিড় সংশোধনের বিষয়েও প্রশ্ন তোলেন কল্যাণ। তাঁর দাবি, “বাংলার বাসিন্দারা যারা বাইরের রাজ্যে থাকেন, তাঁরা কি কম বাঙালি? গণতান্ত্রিক দেশে ভোট না দেওয়া অপরাধ নয়। তাহলে কি ভোটার তালিকায় নাম না থাকলেই নাগরিকত্ব হারায়?”
সব মিলিয়ে প্রধানমন্ত্রীর জন্মঘটিত আত্মোপলব্ধিকে কেন্দ্র করে রাজনৈতিক শ্লেষে মোদীকে কার্যত ‘অতীন্দ্রীয় নাগরিক’ আখ্যা দিয়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে তোলার চেষ্টা করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
