Mamata Banerjee: উন্নয়ন ঘরে ঘরে! ভবানীপুর থেকে ভোট যুদ্ধ শুরু মমতার

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: বাংলায় বিধানসভা ভোটের দামামা ইতিমধ্যেই বেজে উঠেছে। নির্বাচন কমিশন ভোটের নির্ঘণ্ট ঘোষণা করার পর থেকেই রাজনৈতিক দলগুলির প্রস্তুতি জোরদার হয়েছে। শাসকদল তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই তাদের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করেছে। তবে বিরোধী দলগুলি এখনও সেই তালিকা সম্পূর্ণভাবে ঘোষণা করতে পারেনি। এই আবহেই রবিবারকে ঘিরে রাজনৈতিক মহলে বিশেষ গুরুত্ব তৈরি হয়েছে। কারণ, এদিন ভবানীপুরে কর্মিসভা দিয়ে আনুষ্ঠানিকভাবে ভোট প্রচার শুরু করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন:কখন প্রকাশ হবে SIR-এর সাপ্লিমেন্টারি তালিকা? দিন-সময় জানিয়ে দিল কমিশন

রবিবার সন্ধ্যায় চেতলার অহীন্দ্র মঞ্চে দলের কর্মীদের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। এই সভা থেকেই আসন্ন নির্বাচনের জন্য কর্মীদের কাছে প্রচারের রূপরেখা ও কৌশল তুলে ধরবেন মুখ্যমন্ত্রী। উল্লেখযোগ্যভাবে, এবারের নির্বাচনে ভবানীপুর কেন্দ্র থেকেই প্রার্থী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ফলে এই কেন্দ্রের লড়াই যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তা বলাই বাহুল্য। গোটা দেশের রাজনৈতিক মহলের নজর থাকবে ভবানীপুর কেন্দ্রের ফলাফলের দিকে। এই কারণে রবিবারের কর্মিসভাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। জানা গিয়েছে, এই বৈঠকে ভবানীপুর বিধানসভার অন্তর্গত বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, সংগঠনের দায়িত্বপ্রাপ্ত নেতা ও কর্মীদের উপস্থিত থাকতে বলা হয়েছে। মুখ্যমন্ত্রী কর্মীদের উদ্দেশে একাধিক নির্দেশও দিতে পারেন বলে দলীয় সূত্রে খবর।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

উল্লেখ্য, ২০২১ সালের উপনির্বাচনে ভবানীপুর কেন্দ্র থেকে প্রায় ৫৮ হাজার ৮৩৫ ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেতাদের দাবি, ভবানীপুরের ‘ঘরের মেয়ে’ মমতা এবারও বড় ব্যবধানে জয়ী হবেন। কর্মিসভার পর আগামী সপ্তাহ থেকেই জেলার বিভিন্ন প্রান্তে প্রচারসভা শুরু করবেন তিনি। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, ময়নাগুড়ি, মাটিগাড়া, নকশালবাড়ি, রায়গঞ্জ ও হরিরামপুরে তাঁর সভা করার সম্ভাবনা রয়েছে।