কখন প্রকাশ হবে SIR-এর সাপ্লিমেন্টারি তালিকা? দিন-সময় জানিয়ে দিল কমিশন

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: রাজ্যে বিবেচনাধীন ভোটারদের প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নিয়ে নতুন করে নির্দেশ দিল নির্বাচন কমিশন। কমিশন সূত্রে জানা গিয়েছে, আগামী সোমবার এই তালিকা প্রকাশ করা হবে। তবে শনিবার জানানো হয়েছে, সোমবার সন্ধ্যা ৭টার আগে কোনওভাবেই এই তালিকা প্রকাশ করা হবে না।

আরও পড়ুন: Mamata Banerjee: ‘লজ্জা ঢাকার জায়গা নেই!’ SIR ইস্যুতে মেজাজ হারালেন মমতা, মেট্রো চ্যানেলে শুরু অনির্দিষ্টকালীন ধরনা

এই তালিকা প্রকাশের সঙ্গে যুক্ত রয়েছে একটি গুরুত্বপূর্ণ আইনি প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী কলকাতা হাই কোর্ট ট্রাইবুনাল গঠন করেছে। ওই তালিকায় যদি কারও নাম বাদ পড়ে, তবে সংশ্লিষ্ট ব্যক্তি সেই ট্রাইবুনালে আপিল করতে পারবেন। রাজ্যের ২৩টি জেলার জন্য মোট ১৯টি ট্রাইবুনাল গঠন করা হয়েছে এবং সেখানে ১৯ জন অবসরপ্রাপ্ত বিচারপতিকে দায়িত্ব দেওয়া হয়েছে।

কমিশন সূত্রে আরও জানা গিয়েছে, ট্রাইবুনালে দায়িত্ব পালন করা অবসরপ্রাপ্ত বিচারকদের নিরাপত্তার বিষয়টিও বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। প্রত্যেক বিচারকের জন্য দু’জন করে পুলিশ নিরাপত্তারক্ষী মোতায়েন করা হবে। পাশাপাশি ট্রাইবুনালগুলির কাজ শুরু করার জন্য প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তোলার কাজও চলছে। সেই কারণেই ট্রাইবুনাল কার্যকর হতে কিছুটা সময় লাগতে পারে বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, বিবেচনাধীন ভোটারদের তালিকা প্রথমে শুক্রবার প্রকাশ করার কথা ছিল। তবে পরে নির্বাচন কমিশন জানায়, তা সোমবার প্রকাশ করা হবে। কমিশনের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত প্রায় ৭হাজার বুথের তালিকা প্রস্তুত হয়েছে। যদিও রাজ্যজুড়ে মোট বুথের সংখ্যা ৮০ হাজারের বেশি, তার মধ্যে বহু বুথে ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ নেই। বিশেষ করে কালিম্পং, ঝাড়গ্রাম এবং দার্জিলিং জেলার একাধিক বুথে এমন কোনও বিষয় নেই।যেসব বুথে আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে, শুধুমাত্র সেই বুথগুলির ক্ষেত্রেই সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হবে। জুডিশিয়াল অফিসারদের কাছ থেকে সম্পূর্ণ তথ্য পাওয়া গেলে নির্বাচন কমিশন তা প্রকাশ করবে বলে জানা গিয়েছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

অন্যদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচনী আধিকারিকের নতুন অফিসের নিরাপত্তা জোরদার করা হয়েছে। শিপিং কর্পোরেশন ভবনে থাকা এই অফিসে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা থাকবে। কলকাতা পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীরও মোতায়েন থাকবে সেখানে। কেন্দ্রীয় গোয়েন্দা দফতরের রিপোর্টের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে।