Mamata Banerjee: ‘লজ্জা ঢাকার জায়গা নেই!’ SIR ইস্যুতে মেজাজ হারালেন মমতা, মেট্রো চ্যানেলে শুরু অনির্দিষ্টকালীন ধরনা

কলকাতা রাজ্য

নিউজ পোল ব্যুরো: শুক্রবার কলকাতার মেট্রো চ্যানেলের ধর্নামঞ্চে এক ভিন্ন ভূমিকায় দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)। রাজ্যের প্রশাসনিক প্রধান হলেও এদিন যেন বিরোধী নেত্রীর মতো করেই কেন্দ্র ও নির্বাচন কমিশনের (Election Commission)বিরুদ্ধে সরব হলেন তিনি।

আরও পড়ুন: Victoria Memorial: ভিক্টোরিয়া মেমোরিয়ালে বোমাতঙ্ক! তল্লাশি চালাচ্ছে লালবাজারের বম্ব স্কোয়াড, শহরে আলোড়ন

ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়াকে কেন্দ্র সরকার ও নির্বাচন কমিশনের যৌথ ‘ষড়যন্ত্র’ বলে অভিযোগ তোলেন মমতা। তাঁর দাবি, একজন যোগ্য ভোটারের অধিকারও যদি কেড়ে নেওয়া হয়, তবে তার বিরুদ্ধে আন্দোলন চলবে। সেই বার্তা দিয়েই ধর্নামঞ্চ থেকে তিনি আন্দোলন জারি রাখার ডাক দেন।

ধর্না শুরু হওয়ার কিছুক্ষণ আগেই মঞ্চে উপস্থিত হন মমতা (Mamata Banerjee)। ধীরে ধীরে সেখানে জড়ো হতে থাকেন তৃণমূলের বিভিন্ন শাখা সংগঠনের কর্মী ও সমর্থকেরা। মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যসভার মনোনীত প্রার্থী রাজীব কুমার ও মানেকা অগ্নিহোত্রী। বিশিষ্টজনদের মধ্যে ছিলেন কবি জয় গোস্বামী এবং গায়ক-সুরকার কবীর সুমন। পাশাপাশি তৃণমূলের একাধিক সাংসদ ও বিধায়কও উপস্থিত ছিলেন। মঞ্চে দেখা যায় সদ্য তৃণমূলে যোগ দেওয়া সিপিএমের প্রাক্তন যুব নেতা প্রতীক উর রহমানকেও (Pratik Ur Rahman)।

এদিকে বিকেলের দিকে পার্শ্বশিক্ষকদের একটি দলও ধর্নামঞ্চের সামনে এসে নিজেদের দাবি তুলে ধরেন। তবে মমতা (Mamata Banerjee)স্পষ্ট জানিয়ে দেন, এই মঞ্চে কোনও রাজনৈতিক কর্মসূচি করা যাবে না। তিনি বলেন, “এটা রাজনীতির মঞ্চ নয়। এখানে কেউ রাজনীতি করবেন না। মানুষের স্বার্থে শুধুমাত্র SIR–এর বিরোধিতার কর্মসূচি চলছে।”

ধর্নার সূচনাতেই কেন্দ্রের শাসক দল বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, অনেক জীবিত মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে এবং বহু মৃত ব্যক্তির নাম এখনও তালিকায় রয়েছে। তিনি বলেন, “বিজেপি পার্টি নির্লজ্জভাবে কাজ করছে, আর কমিশন তাদের সহযোগিতা করছে। কিন্তু আমরা ইঞ্চি ইঞ্চি খুঁজে দেখছি। যাঁরা জীবিত অথচ তালিকায় মৃত দেখানো হয়েছে, তাঁদের আমরা সামনে আনব।”

এদিন ধর্নামঞ্চে বক্তব্য রাখতে এসে মিনাখাঁ রামকৃষ্ণ সারদা মিশনের সভাপতি নিজের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন। তিনি জানান, দীর্ঘ ১৪ বছর ধরে ওই প্রতিষ্ঠানের দায়িত্বে থাকা সত্ত্বেও তাঁর নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। তিনি বলেন, “আমি বেলুড় মঠের দশম প্রেসিডেন্ট স্বামী বীরেশ্বরানন্দের মন্ত্রশিষ্য। তবু আমার নাম তালিকা থেকে বাদ পড়েছে। তাই আমি দিদির কাছে এসেছি। যদি এমন চলতে থাকে, তবে গণতন্ত্রের জন্য তা উদ্বেগজনক। সত্যেরই জয় হোক।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole