Subhashree Ganguly : দুবাইয়ের অশান্তি কাটিয়ে অবশেষে কলকাতায় শুভশ্রী-ইউভান, নিরাপদে ফিরতেই স্বস্তির হাসি রাজের মুখে

পেজ 3 বিনোদন

নিউজ পোল ব্যুরো: দুবাইয়ের অশান্ত পরিস্থিতি কাটিয়ে অবশেষে নিজের শহরে ফিরলেন জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। কয়েক দিন ধরে যুদ্ধজনিত অস্থিরতার কারণে দুবাইয়ে আটকে থাকার পর শুক্রবার বিকেলে কলকাতায় পৌঁছোন তিনি। তার সঙ্গে ছিল ছোট ছেলে ইউভান (Yuvaan Chakraborty)। মা-ছেলেকে সুস্থ ও নিরাপদে ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে গোটা পরিবার। কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) তাদের স্বাগত জানাতে হাজির ছিলেন পরিচালক-বিধায়ক স্বামী রাজ চক্রবর্তী (Raj Chakraborty) এবং পরিবারের অন্য সদস্যরাও।

আরও পড়ুন : SIR : এসআইআর বিতর্ক তুঙ্গে! ৬০ লক্ষ ভোটার নিয়ে ‘জানি না’ সিইওর স্বীকারোক্তি

বিমানবন্দরে নেমেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শুভশ্রী (Subhashree Ganguly) বলেন, “সকলকে ধন্যবাদ। এত মানুষের ভালবাসা ও সমর্থন ওই কঠিন পরিস্থিতিতে আমাকে এবং আমার পরিবারকে শক্তি দিয়েছে। এখনই সব অভিজ্ঞতা বলতে পারব না। পরিস্থিতি ভীষণ ভয়াবহ ছিল। আমি এখনও মানসিকভাবে খুবই ক্লান্ত ও বিধ্বস্ত। সবাই ভাল থাকবেন।” তার কথায় স্পষ্ট, গত কয়েক দিনের অভিজ্ঞতা সহজে ভুলতে পারছেন না তিনি। কলকাতায় পৌঁছতেই আবেগঘন মুহূর্তের সাক্ষী থাকে বিমানবন্দর (Kolkata Airport)। মাকে দেখেই দৌড়ে এসে জড়িয়ে ধরে ছোট মেয়ে ইয়ালিনি (Yaalini Chakraborty)। সেই দৃশ্য দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন উপস্থিত অনেকেই। স্ত্রী ও সন্তানদের নিরাপদে ফিরে পেয়ে মুখে হাসি ফুটেছে রাজ চক্রবর্তীরও (Raj Chakraborty)।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

পরিবার সূত্রে জানা গিয়েছে, ইউভানের স্কুলের পরীক্ষা শেষ হওয়ার পর সে মায়ের সঙ্গে দুবাই যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিল। ছেলের সেই আবদার পূরণ করতেই কয়েক দিনের জন্য দুবাই গিয়েছিলেন শুভশ্রী (Subhashree Ganguly)। কিন্তু সেই সফরই আচমকা দুঃস্বপ্নে পরিণত হয়। ইরান-ইজরায়েল সংঘাতের (Iran-Israel Conflict) জেরে আকাশপথে বিঘ্ন ঘটে এবং বহু বিমান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে নির্ধারিত সময়ে দেশে ফেরা সম্ভব হয়নি। অভিনেত্রীর বাবা দেবপ্রসাদ গঙ্গোপাধ্যায় জানান, যে হোটেলে শুভশ্রী (Subhashree Ganguly) ও ইউভান ছিলেন, তার কাছাকাছি এলাকায় বিস্ফোরণের ঘটনাও ঘটেছিল। যদিও মা-ছেলে নিরাপদেই ছিলেন, তবু তাদের নিয়ে উদ্বেগে ছিলেন দুই পরিবারের সদস্যরা। এদিকে রাজ চক্রবর্তী (Raj Chakraborty) জানান, পরিস্থিতি সামাল দিতে তিনি বিধানসভার অধ্যক্ষের মাধ্যমে বিদেশ মন্ত্রকের (Ministry of External Affairs) সঙ্গে যোগাযোগ করেছিলেন। ৫ মার্চ তাদের দেশে ফেরার কথা থাকলেও সেই যাত্রা পিছিয়ে যায়। শেষ পর্যন্ত মুম্বই হয়ে শুক্রবার কলকাতায় ফেরেন শুভশ্রী (Subhashree Ganguly)ও ইউভান। রাজ আরও জানান, এখনও যারা দুবাইয়ে আটকে রয়েছেন, তারাও যেন দ্রুত এবং নিরাপদে দেশে ফিরতে পারেন—এই কামনাই করছেন তিনি।