SIR : এসআইআর বিতর্ক তুঙ্গে! ৬০ লক্ষ ভোটার নিয়ে ‘জানি না’ সিইওর স্বীকারোক্তি

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: ভোটের মুখে পশ্চিমবঙ্গে নতুন করে বিতর্কের কেন্দ্রে উঠে এসেছে ভোটার তালিকা সংশোধনের বিশেষ প্রক্রিয়া (SIR)। এই প্রক্রিয়ার জেরে ইতিমধ্যেই রাজ্যে প্রায় ৫৪ লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি আরও প্রায় ৬০ লক্ষ আবেদন বা আপত্তি এখনও বিচারাধীন অবস্থায় রয়েছে (SIR)। ঠিক এই সময়েই রাজ্যে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার সম্ভাবনা ঘনিয়ে আসায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে—এই বিপুল সংখ্যক বিচারাধীন মামলার নিষ্পত্তি না করেই কি ভোটগ্রহণ সম্ভব? এই প্রসঙ্গে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল (Manoj Agarwal) কার্যত স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ওই ৬০ লক্ষ আবেদন বা মামলার ভবিষ্যৎ কী হবে তা এখনই বলা সম্ভব নয় (SIR)। বিধানসভা চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, এই পরিস্থিতি অত্যন্ত ব্যতিক্রমী। তার কথায়, “৬০ লক্ষ মানুষের বিষয়টি এখন অ্যাজুডিকেশনের পর্যায়ে রয়েছে। এসআইআর-এর (SIR) গাইডলাইনে এমন পরিস্থিতির উল্লেখ ছিল না। বিষয়টি এখন সুপ্রিম কোর্টেও (Supreme Court) গিয়েছে। তাই এটাকে এক্সট্রা অর্ডিনারি পরিস্থিতি বলেই মানতে হবে এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নিতে হচ্ছে।”

আরও পড়ুন : Kolkata Water Metro : গঙ্গার বুকে ‘ওয়াটার মেট্রো’ আনার ভাবনা, কোচির সংস্থার সঙ্গে শীঘ্রই বৈঠকে কলকাতা পুরসভা

এদিকে নির্বাচন আসন্ন হলেও ওই বিপুল সংখ্যক ভোটারের ভবিষ্যৎ নিয়ে প্রশাসনের অনিশ্চয়তা নতুন করে রাজনৈতিক চাপ বাড়িয়েছে। তৃণমূল কংগ্রেস (TMC) ও সিপিএম (CPM)—উভয় রাজনৈতিক দলই প্রশ্ন তুলেছে, এত সংখ্যক আবেদন নিষ্পত্তি না করে নির্বাচন কীভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন হবে? যদিও মুখ্য নির্বাচনী আধিকারিক স্পষ্ট করে দিয়েছেন যে নির্বাচন ঘোষণার বিষয়ে তার কোনও ভূমিকা নেই। তার বক্তব্য, “ভোটের দিনক্ষণ ঘোষণা করার ক্ষমতা আমার নেই। সেই সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। কমিশন চাইলে এসে পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে (Election Commission of India)।” তিনি আরও জানান, বিচারাধীন ৬০ লক্ষ মামলার মধ্যে প্রায় ৬ লক্ষের নিষ্পত্তি ইতিমধ্যেই হয়েছে। তবে বাকি বিপুল সংখ্যক আবেদনের কী হবে, সে বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। অতীতে ভোটার তালিকা সংশোধনের সময় শেষ মুহূর্তে অনেক ফর্ম জমা পড়লেও এত বড় সংখ্যায় বিচারাধীন মামলার নজির আগে দেখা যায়নি বলেও স্বীকার করেছেন তিনি।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

অন্যদিকে, বিজেপির (BJP) মদতে নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবে ভোটারদের নাম বাদ দিচ্ছে বলে শাসকদল তৃণমূল বারবার অভিযোগ তুলেছে। তবে সেই অভিযোগ উড়িয়ে দিয়ে মনোজ আগরওয়াল জানিয়েছেন (Manoj Agarwal), নির্দিষ্ট প্রমাণ-সহ অভিযোগ পেলে প্রশাসন অবশ্যই তদন্ত করবে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেবে। উল্লেখ্য, আগামী ৯ ও ১০ মার্চ রাজ্যে আসতে চলেছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক ছাড়াও নিরাপত্তা ব্যবস্থা, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন এবং ভোটকর্মীদের প্রস্তুতি খতিয়ে দেখবেন কমিশনের শীর্ষ আধিকারিকরা। জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে এই বৈঠকের পরই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে সেই ঘোষণার আগে ৬০ লক্ষ বিচারাধীন ভোটারের ভাগ্য নির্ধারণ হবে কি না, তা নিয়েই এখন জোর জল্পনা রাজনৈতিক মহলে।