নিউজ পোল ব্যুরো: গঙ্গার জলপথকে কাজে লাগিয়ে শহরের পরিবহণ ব্যবস্থায় বড় পরিবর্তন আনতে চলেছে রাজ্য সরকার। পরিকল্পনা করা হচ্ছে কলকাতায় আধুনিক ওয়াটার মেট্রো চালুর (Kolkata Water Metro)। এই প্রকল্প বাস্তবায়নে কেরলের কোচি শহরের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায় প্রশাসন। সেই কারণেই কোচির একটি সংস্থার সঙ্গে আলোচনা শুরু হয়েছে। সব কিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী সপ্তাহেই কলকাতা পুরসভায় একটি গুরুত্বপূর্ণ বৈঠক হতে পারে বলে সূত্রের খবর। এই বৈঠকে কোচির ওয়াটার মেট্রো (Water Metro Project)–র প্রতিনিধিরা কলকাতার জন্য সম্ভাব্য পরিকল্পনা উপস্থাপন করবেন। সেখানে কী ধরনের নৌযান ব্যবহার করা হবে, কতটা বিনিয়োগ প্রয়োজন, পরিষেবা চালু করতে কত সময় লাগতে পারে—এই সব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা। রাজ্য সরকারের তরফ থেকেও কলকাতার বাস্তব পরিস্থিতি এবং সম্ভাব্য রুট নিয়ে মতামত জানানো হবে (Kolkata Water Metro)।
আরও পড়ুন : LPG : ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, আপাতত বন্ধ নতুন ডবল এলপিজি সিলিন্ডার সংযোগ
প্রাথমিকভাবে যে পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে, তাতে গঙ্গার ওপর অত্যাধুনিক ব্যাটারি চালিত ইলেকট্রিক হাইব্রিড বোট (Electric Hybrid Boat) ব্যবহারের প্রস্তাব রয়েছে। এই নৌযানগুলি পরিবেশবান্ধব প্রযুক্তিতে তৈরি হওয়ায় নদীর বাস্তুতন্ত্রের উপর কোনও ক্ষতিকর প্রভাব পড়বে না বলেই দাবি সংশ্লিষ্ট সংস্থার। একই সঙ্গে এগুলি দ্রুত গতির হওয়ায় শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জলপথে স্বল্প সময়ে পৌঁছনো সম্ভব হবে। প্রশাসনের একাংশের মতে, কলকাতায় জলপথ গণপরিবহণ (Water Transport System) আরও উন্নত করা গেলে শহরের রাস্তায় যানজট অনেকটাই কমানো যাবে। প্রতিদিন হাজার হাজার যাত্রী গঙ্গার ওপর দিয়ে যাতায়াত করলে সড়ক পরিবহণের চাপও কমবে। পাশাপাশি কম জ্বালানি ব্যবহার এবং কম দূষণের কারণে এই ব্যবস্থা পরিবেশ রক্ষাতেও বড় ভূমিকা নিতে পারে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
উল্লেখ্য, কেরলের কোচিতে চালু হওয়া কোচি ওয়াটার মেট্রো (Kochi Water Metro) বর্তমানে দেশের প্রথম এবং এশিয়ার অন্যতম বৃহৎ সমন্বিত ফেরি-ভিত্তিক গণপরিবহণ ব্যবস্থা হিসেবে পরিচিত। এই পরিষেবার মাধ্যমে কোচি শহরের ১০টি দ্বীপকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করা হয়েছে। শীতাতপ নিয়ন্ত্রিত আধুনিক বোট, ডিজিটাল টিকিটিং ব্যবস্থা এবং নির্দিষ্ট সময়সূচির জন্য এই পরিষেবা দ্রুত জনপ্রিয়তা পেয়েছে। কলকাতার ক্ষেত্রেও যদি একই ধরনের আধুনিক জলপথ পরিবহণ (Urban Water Metro Service) চালু করা যায়, তাহলে শহরের পরিবহণ ব্যবস্থায় নতুন অধ্যায় শুরু হতে পারে বলে মনে করছেন প্রশাসনিক মহলের একাংশ। দেশের প্রথম মেট্রো রেল পরিষেবার শহর হিসেবে কলকাতার ইতিহাসে এ বার যোগ হতে পারে আরেকটি আধুনিক পরিবহণ উদ্যোগ—গঙ্গার বুকে ওয়াটার মেট্রো (Kolkata Water Metro)।
