নিউজ পোল ব্যুরো: কলকাতার ঐতিহাসিক পর্যটনকেন্দ্র ভিক্টোরিয়া মেমোরিয়ালে (Victoria Memorial) হঠাৎ বোমাতঙ্ক ছড়িয়ে পড়েছে। একটি হুমকিমূলক বার্তা পাওয়ার পরই সতর্ক হয়ে ওঠে মেমোরিয়াল কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে দ্রুত হেস্টিংস থানায় জানানো হয়। খবর পেয়েই ঘটনাটিকে গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন:Mamata Banerjee : এসআইআর ঘিরে উত্তাল রাজনীতি, ধর্মতলায় ধর্নায় বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভিক্টোরিয়া মেমোরিয়াল(Victoria Memorial) কর্তৃপক্ষের কাছে একটি সন্দেহজনক হুমকি বার্তা পৌঁছয়, যেখানে বোমা সংক্রান্ত আশঙ্কার কথা উল্লেখ ছিল। এরপরই গোটা বিষয়টি জানিয়ে থানায় লিখিতভাবে অভিযোগ জানানো হয়। অভিযোগ পাওয়ার পরই তৎপর হয়ে ওঠে হেস্টিংস থানার পুলিশ এবং লালবাজারের আধিকারিকরা। ইতিমধ্যেই লালবাজার থেকে বম্ব স্কোয়াড ও পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে। তারা ভিক্টোরিয়া মেমোরিয়াল চত্বর ও আশপাশের এলাকায় তল্লাশি চালাচ্ছে। নিরাপত্তার খাতিরে গোটা এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে এবং পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
উল্লেখ্য, কিছুদিন আগেই রাজ্যের বিভিন্ন আদালতের ই-মেলে বোমা হামলার হুমকি পাঠানো হয়েছিল, যা পরে ভুয়ো বলে জানায় প্রশাসন। সেই ঘটনার পর আদালত চত্বরগুলির নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি যারা এই ধরনের হুমকি বার্তা ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয় প্রশাসনের তরফে। এই পরিস্থিতিতে ভিক্টোরিয়া মেমোরিয়ালের ঘটনাকেও গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে পুলিশ। তদন্ত শেষে পুরো বিষয়টি স্পষ্ট হবে বলে জানিয়েছেন আধিকারিকরা।
