নিউজ পোল ব্যুরো: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়াকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে বাড়ছে উত্তাপ। আর কিছুক্ষণের মধ্যেই এই ইস্যুতে প্রতিবাদ জানিয়ে ধর্নায় বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার দুপুর ২টো নাগাদ কলকাতার মেট্রো(Kolkata Metro) চ্যানেল-এ এই কর্মসূচিতে অংশ নেবেন তিনি।
রাজ্য সরকারের অভিযোগ, নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার জেরে বিপুল সংখ্যক ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে। সরকারি সূত্রে দাবি, ইতিমধ্যেই প্রায় ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২ জন ভোটারের নাম বাদ পড়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি আরও প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম এখনও বিবেচনাধীন তালিকায় রয়েছে। এই পরিস্থিতিকে কেন্দ্র করে রাজ্য জুড়ে রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক শুরু হয়েছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়ে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, এই প্রক্রিয়ার ফলে বহু প্রকৃত ভোটার তাঁদের ভোটাধিকার হারানোর আশঙ্কায় পড়েছেন। তাই বিষয়টি নিয়ে সরাসরি আন্দোলনের পথেই হাঁটছে শাসকদল। ধর্না মঞ্চে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত থাকতে পারেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি -সহ দলের একাধিক শীর্ষ নেতা। এই কর্মসূচিকে ঘিরে ইতিমধ্যেই ধর্মতলা চত্বরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাজনৈতিক মহলের নজর এখন এই ধর্না কর্মসূচির দিকেই।
