Chandranath Rath: ‘মমতাকে হারানোর প্রতিশোধ নিতেই আমার ছেলেকে খুন করল তৃণমূল’, কান্নায় ভেঙে পড়লেন চন্দ্রনাথের মা

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ঘনিষ্ঠ সহকারী চন্দ্রনাথ রথ (Chandranath Rath) খুনের ঘটনায় শোকের ছায়া নেমেছে তাঁর পরিবারে। ঘটনার প্রায় ১০ ঘণ্টা কেটে গেলেও এখনও পর্যন্ত মূল অভিযুক্তদের ধরতে পারেনি পুলিশ। ইতিমধ্যেই তদন্তে নেমেছে সিআইডি (CID)। ঘটনাস্থল ঘিরে চলছে জোর তল্লাশি, খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজও।

এদিকে, পূর্ব মেদিনীপুরে চন্দ্রনাথের (Chandranath Rath) বাড়িতে কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। ছেলের মৃত্যু নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছেন চন্দ্রনাথের মা হাসিরানি রথ। তাঁর দাবি, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই এই খুন। তিনি (Chandranath Rath) বলেন, “আমরা ক্ষমতায় আসার পরও আমাদের নেতারা শান্ত থাকার কথা বলছিলেন। কিন্তু যারা ভোটের আগে হুমকির ভাষায় কথা বলেছিল, তারাই এই ঘটনা ঘটিয়েছে বলে আমার বিশ্বাস।” ছেলের মৃত্যুর জন্য দায়ীদের কঠোর শাস্তির দাবিও জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: Suvendu Adhikari: ‘ভবানীপুরের জেতার কারণেই টার্গেট চন্দ্রনাথ’, বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর

হাসিরানি দেবীর আরও অভিযোগ, ভবানীপুর-সহ একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় বিজেপির হয়ে দায়িত্ব সামলানোর কারণেই চন্দ্রনাথকে টার্গেট করা হয়েছিল। তাঁর কথায়, “মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুরে হারানোর পর থেকেই প্রতিশোধ নেওয়ার পরিবেশ তৈরি হয়েছিল। আমার মনে হয়, সেই রাগ থেকেই আমার ছেলেকে খুন করা হয়েছে।” এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। কারণ নির্বাচনী প্রচারের সময় তৃণমূলের একাধিক নেতার আক্রমণাত্মক মন্তব্য নিয়ে আগেও বিতর্ক তৈরি হয়েছিল।

অন্যদিকে, তদন্তকারীরা এখনও কোনও সম্ভাবনাকেই উড়িয়ে দিচ্ছেন না। সিআইডি সূত্রে খবর, হামলাকারীদের শনাক্ত করতে একাধিক সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি ঘটনাস্থলের আশপাশ থেকেও গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। চন্দ্রনাথ রথের মৃত্যু ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে, আর সেই সঙ্গে বাড়ছে দ্রুত দোষীদের গ্রেফতারের দাবিও।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole