Tamilnadu Government: আলোচনার সময়সীমা বেঁধে দিল এআইএডিএমকে, রাজ্যপালের সিদ্ধান্তের পর শুরু ‘রিসর্ট রাজনীতি’

দেশ

নিউজ পোল ব্যুরো: তামিলনাড়ুতে সরকার (Tamilnadu Government) গঠন ঘিরে ক্রমেই জটিল হচ্ছে রাজনৈতিক পরিস্থিতি। নির্বাচনে একক বৃহত্তম দল হিসেবে উঠে এলেও এখনও সংখ্যাগরিষ্ঠতার ম্যাজিক ফিগার ছুঁতে পারেনি অভিনেতা-রাজনীতিক থালাপতি বিজয়ের দল টিভিকে (TVK)। ফলে রাজ্যপাল আর. ভি. আর্লেকারের সঙ্গে বারবার বৈঠক করেও সরকার গঠনের ছাড়পত্র মিলছে না।

বুধবারের পর বৃহস্পতিবারও লোকভবনে গিয়ে সরকার গঠনের (Tamilnadu Government) দাবি জানান বিজয়। সূত্রের খবর, তিনি প্রয়োজনে বিধানসভায় ফ্লোর টেস্টের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের কথাও বলেন। তবে রাজ্যপাল স্পষ্ট জানিয়েছেন, শপথ গ্রহণের আগেই প্রয়োজনীয় সংখ্যক বিধায়কের সমর্থন দেখাতে হবে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ২৩৪টির মধ্যে ১০৮টি আসন জিতে সবচেয়ে বড় দল হয় টিভিকে। তবে দু’টি আসনে জেতায় বিজয়কে একটি আসন ছাড়তে হবে, ফলে দলের কার্যকর সংখ্যা দাঁড়ায় ১০৭। পরে কংগ্রেসের ৫ বিধায়কের সমর্থন মিললেও মোট সংখ্যা হয় ১১২, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮-এর থেকে এখনও কম।

আরও পড়ুন: Chandranath Rath: ‘মমতাকে হারানোর প্রতিশোধ নিতেই আমার ছেলেকে খুন করল তৃণমূল’, কান্নায় ভেঙে পড়লেন চন্দ্রনাথের মা

এই পরিস্থিতিতে এআইএডিএমকের সমর্থন পেতে মরিয়া হয়ে উঠেছে বিজয়ের (Tamilnadu Government) শিবির। রাজনৈতিক মহলের খবর, দুই পক্ষের মধ্যে যোগাযোগও হয়েছে। তবে সম্ভাব্য ভাঙন ঠেকাতে সতর্ক এআইএডিএমকে ইতিমধ্যেই একাধিক বিধায়ককে পুদুচেরির একটি রিসর্টে সরিয়ে নিয়েছে। ‘রিসর্ট পলিটিক্স’-এর এই পুরনো কৌশল ফের আলোচনায় এসেছে।

অন্যদিকে, এআইএডিএমকের সঙ্গে জোট হলে কংগ্রেস সমর্থন তুলে নিতে পারে বলেও আশঙ্কা রয়েছে। ফলে চাপে পড়েছে টিভিকে নেতৃত্ব। পাশাপাশি ছোট দল ও নির্দল বিধায়কদের সমর্থন জোগাড়ের চেষ্টাও চলছে, যদিও বাম দল ও আইইউএমএল ইতিমধ্যেই ডিএমকের পাশে থাকার ইঙ্গিত দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, টিভিকে শেষ পর্যন্ত সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ হলে দ্বিতীয় বৃহত্তম দল ডিএমকেকে সরকার গঠনের আমন্ত্রণ জানাতে পারেন রাজ্যপাল। পরিস্থিতি আরও জটিল হলে রাষ্ট্রপতি শাসন বা পুনর্নির্বাচনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole