কুণালের গাড়িতে ভাঙচুরের অভিযোগ, মমতার শ্রীরামপুর সভার আগে তুঙ্গে উত্তেজনা

breakingnews কলকাতা রাজনীতি রাজ্য

নিউজপোল ব্যুরো: মমতা বন্দ্যোপাধ্যায়ের শ্রীরামপুরের সভার আগে উত্তেজনা ছড়াল উত্তরপাড়ায়। সভায় যোগ দিতে যাওয়ার পথে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার বিকেল ৪টেয় শ্রীরামপুরে মমতার সভা হওয়ার কথা। তার কয়েক ঘণ্টা আগে দুপুরে সভাস্থলের দিকে যাচ্ছিলেন কুণাল।

অভিযোগ, উত্তরপাড়ায় তাঁর গাড়ি আটকে কয়েকজন বিক্ষোভ দেখান। গাড়ির কাচ লক্ষ্য করে ডিম ছোড়ার পাশাপাশি পরে ভাঙচুর করা হয় বলেও দাবি করা হয়েছে। কুণাল ঘোষের অভিযোগ, রাস্তায় লাঠি ও রড নিয়ে কয়েকজন দাঁড়িয়েছিলেন এবং গাড়ি থামিয়ে নেতাদের পরিচয় যাচাই করা হচ্ছিল।

ঘটনায় ক্ষোভ প্রকাশ করে কুণাল জানান, ভাঙা কাচে তিনি আহত হয়েছেন। তাঁর দাবি, আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত। ঘটনার পর ভাঙা গাড়ি নিয়েই পুলিশের কাছে যাওয়ার কথা জানান তিনি।

ঘটনার জন্য তৃণমূল বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছে। অন্যদিকে বিজেপির দাবি, এটি সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। একইসঙ্গে মমতার সভার আগে নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে।