SIR-এ বড় বদল! সশরীরে শুনানি তুলে নিল নির্বাচন কমিশন

breakingnews রাজনীতি রাজ্য

নিউজপোল ব্যুরো: দেশজুড়ে বিতর্কের মধ্যেই SIR বা Special Intensive Revision-এর প্রক্রিয়ায় বড় বদল আনল জাতীয় নির্বাচন কমিশন। শনিবার দিল্লিতে কমিশনের ফুল বেঞ্চের বৈঠকের পর জানানো হয়েছে, নোটিস পাওয়া ভোটারদের আর সশরীরে ERO বা AERO দফতরে গিয়ে শুনানিতে হাজির হতে হবে না।

নতুন নিয়ম অনুযায়ী, যাঁদের নামে SIR সংক্রান্ত নোটিস যাবে, তাঁদের প্রয়োজনীয় নথি বাড়ি গিয়ে সংগ্রহ করবেন Booth Level Officer বা BLO-রা। ফলে নথি জমা বা যাচাইয়ের জন্য ভোটারদের নির্বাচন দফতরে গিয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হবে না। বিশেষ কোনও ক্ষেত্রে Electoral Registration Officer প্রয়োজন মনে করলে অনলাইনে শুনানির ব্যবস্থাও করা যেতে পারে।

এদিনের বৈঠকের পর SIR নিয়ে কমিশনের অন্দরমহলে মতপার্থক্যের অভিযোগও খারিজ করা হয়েছে। কমিশনের বক্তব্য, গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি সর্বসম্মতভাবেই নেওয়া হয়েছে।

পাশাপাশি দুই নির্বাচন কমিশনারের ক্যাবিনেট সচিবকে চিঠি দেওয়া নিয়েও ব্যাখ্যা দিয়েছে কমিশন। তাদের দাবি, ওই চিঠি SIR বা কমিশনের IT নীতি নিয়ে ছিল না। ECI-তে ডেপুটেশনে থাকা এক আধিকারিকের কাজের ধরন ও দায়িত্ব পুনর্বণ্টন সংক্রান্ত প্রশাসনিক বিষয় নিয়েই চিঠিটি দেওয়া হয়েছিল। নতুন সিদ্ধান্তে SIR প্রক্রিয়ায় ভোটারদের হয়রানি কমবে বলেই মনে করা হচ্ছে।