নিউজ পোল ব্যুরো: রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। ইতিমধ্যেই একাধিক বড় দল তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। সেই তালিকায় এবার যুক্ত হল হুমায়ুন কবীরের (Humayun Kabir) ‘আম জনতা উন্নয়ন’ পার্টি।
এক সাংবাদিক সম্মেলনে হুমায়ুন কবীর (Humayun Kabir) জানান, তাঁর দল প্রথম ধাপে মোট ১৮২টি আসনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আপাতত মুর্শিদাবাদ ও মালদহ জেলার প্রার্থীদের নাম প্রকাশ করা হয়েছে, বাকি তালিকা ২২ তারিখ ঘোষণা করা হবে বলে তিনি জানান।
আরও পড়ুন: সুপ্রিম কোর্টে I-PAC মামলা, কেন্দ্র-রাজ্যের দ্বন্দ্ব তুঙ্গে
এই তালিকায় সবচেয়ে বড় চমক হুমায়ুন কবীর (Humayun Kabir) নিজে ভরতপুর কেন্দ্র থেকে লড়ছেন না। পরিবর্তে তিনি রেজিনগর ও নওদা এই দুই কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন। তাঁর এই সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হয়েছে। একাধিক আসন থেকে লড়াই করার পিছনে তাঁর কৌশল কী, তা নিয়ে প্রশ্ন উঠছে।
প্রকাশিত তালিকা অনুযায়ী, পূর্বস্থলী উত্তর থেকে বাপন ঘোষ, কান্দি থেকে ইয়াসিন হায়দার, বেলডাঙা থেকে সৈয়দ আহমেদ কবীর এবং ভরতপুর থেকে সৈয়দ খুবাইব আমিন প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়াও মালদহের বিভিন্ন কেন্দ্রে রয়াল ইসলাম (রতুয়া), আবদুল মিনাজ শেখ (মালতীপুর), মুসকরা বিবি (বৈষ্ণবনগর) এবং আবু শইদ (মানিকচক) প্রার্থী হিসেবে ঘোষণা হয়েছেন।
ফরাক্কা থেকে ইমতিয়াজ মোল্লা, হরিহরপাড়া থেকে বিজয় শেখ এবং সুজাপুর থেকে নাসিমুল হক নির্বাচনী লড়াইয়ে নামছেন। অন্যদিকে, ভবানীপুর কেন্দ্রে একজন অবাঙালি মুসলিম প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে। এই প্রার্থী তালিকা প্রকাশের পর রাজ্যের রাজনৈতিক সমীকরণ আরও জটিল হয়ে উঠছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
