নিউজ পোল ব্যুরো: রাজ্যের শিক্ষাব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশিকা পরীক্ষা জয়েন্ট এন্ট্রান্স (WBJEE) এই বছর নানা আইনি জটিলতায় পড়েছিল। কলকাতা হাই কোর্টের(Kolkata High Court) একক বেঞ্চের নির্দেশে মেধাতালিকা নিয়ে তৈরি হয়েছিল অচলাবস্থা। কিন্তু শুক্রবার সুপ্রিম কোর্ট(Supreme Court) সেই নির্দেশের উপর স্থগিতাদেশ দেয়, ফলে দীর্ঘ অনিশ্চয়তার অবসান ঘটল। এদিনই জয়েন্ট বোর্ড জানিয়ে দেয়, তারা ফলপ্রকাশ করবে এবং মেধাতালিকাও প্রকাশিত হবে।
আরও পড়ুন: MBA Admission: ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে MBA-তে ভর্তি শুরু
উল্লেখ্য, গত ৭ অগস্ট জয়েন্টের ফলপ্রকাশ হওয়ার কথা ছিল। কিন্তু ওবিসি(OBC) সম্প্রদায়ের স্বীকৃতি নিয়ে বিতর্ক সামনে আসে। কলকাতা হাই কোর্টের(Kolkata High Court) বিচারপতি কৌশিক চন্দ নির্দেশ দিয়েছিলেন, ২০১০ সালের আগের ৬৬টি সম্প্রদায়ের তালিকা মেনে নতুন মেধাতালিকা তৈরি করতে হবে। তার নির্দেশ কার্যকর করতে ১৫ দিনের সময়সীমা নির্ধারণ করেছিলেন তিনি। এর ফলে পূর্বনির্ধারিত মেধাতালিকা বাতিল হয়ে যায় এবং হাজার হাজার ছাত্র-ছাত্রীর ভবিষ্যৎ ঝুলে যায়।রাজ্যের তরফে শীর্ষ আদালতে আবেদন করা হলে প্রধান বিচারপতি বিআর গবইয়ের বেঞ্চ এই নির্দেশে স্থগিতাদেশ জারি করে। কপিল সিব্বল এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে যুক্তি দেন যে, একক বেঞ্চের এই পদক্ষেপ ছিল “অবিশ্বাসযোগ্য” এবং স্বতঃপ্রণোদিত। তাদের বক্তব্য অনুযায়ী, এমন সিদ্ধান্তে হাজারো পরীক্ষার্থীর অনিশ্চয়তা তৈরি হয়েছে, যা শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতার পরিপন্থী।

সুপ্রিম কোর্টের(Supreme Court) নির্দেশে শুক্রবারই ফলপ্রকাশের কথা বোর্ড জানায়। এতে ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা খানিকটা স্বস্তি পান। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটলেও অনেকে এখনও প্রশ্ন তুলছেন, আইনগত প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত কি আবার নতুন জটিলতা তৈরি হবে না?সুপ্রিম কোর্টের(Supreme Court) হস্তক্ষেপে আপাতত জয়েন্টের ফলপ্রকাশের পথ প্রশস্ত হলেও, মূল সমস্যার সমাধান এখনও হয়নি। সংরক্ষণ নীতি নিয়ে স্বচ্ছতা না এলে ভবিষ্যতেও একই সমস্যার পুনরাবৃত্তি ঘটতে পারে। শিক্ষার্থীদের স্বার্থে রাজ্য ও কেন্দ্রীয় প্রশাসনের যৌথ উদ্যোগে একটি স্থায়ী সমাধান খোঁজা জরুরি।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
