নিউজপোল ব্যুরো:এশিয়ান গেমসে ফের সোনার মুকুট ভারতের। মহিলা কবাডির ফাইনালে ইরানকে ৩৭-৩৪ ব্যবধানে হারিয়ে সোনা জিতল ভারতীয় দল। টুর্নামেন্টজুড়ে অপরাজিত থাকার পর ফাইনালেও দাপট দেখিয়ে সাফল্য পেল টিম ইন্ডিয়া।
গ্রুপ পর্বে দুর্দান্ত শুরু করেছিল ভারত। বাংলাদেশকে ৪২-২১, ইরানকে ৩৭-২৩ এবং জাপানকে ৫০-২৫ ব্যবধানে হারিয়ে গ্রুপের শীর্ষে থেকে এগিয়ে যায় তারা। এরপর সেমিফাইনালে নেপালকে ৪৮-২৪ ব্যবধানে হারিয়ে ফাইনালে পৌঁছয় ভারত।
ফাইনালের প্রথমার্ধে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল ভারতের হাতে। বিরতিতে ২২-১৬ ব্যবধানে এগিয়ে ছিল তারা। প্রথমার্ধেই ইরানকে একবার অল-আউট করে ভারত। তবে দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা চালায় ইরান। ভারত ২৭-২২ এগিয়ে থাকার সময় ইরানের আতেনা মাদাদি চার পয়েন্টের রেড করে ব্যবধান কমিয়ে ২৭-২৬ করেন।
তবে চাপের মুহূর্তে ভারতের ডিফেন্স নিজেদের সামলে নেয়। শেষদিকে ইরান একবার ভারতকে অল-আউট করলেও ম্যাচের নিয়ন্ত্রণ আর হাতছাড়া করেনি টিম ইন্ডিয়া। শেষ পর্যন্ত ৩৭-৩৪ ব্যবধানে জয় নিশ্চিত করে সোনা জেতে ভারত।
এশিয়ান গেমসে মহিলা কবাডিতে এটি ভারতের চতুর্থ পদক এবং তৃতীয় সোনা। ২০১০, ২০১৪ ও ২০২২ সালের পর ফের সোনার মঞ্চে উঠল ভারত।
