বিধায়িকাকে ‘অপমান’! পানিহাটিতে স্বামীর বিস্ফোরক অভিযোগ, নীরব রত্না দেবনাথ

breakingnews রাজনীতি রাজ্য

নিউজপোল ব্যুরো: পানিহাটিতে রাজ্যস্তরের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। কলকাতা উত্তর শহরতলী ক্রীড়া বিভাগের উদ্যোগে পানিহাটি স্পোর্টিং খেলার মাঠে শুরু হয়েছে তিন দিনব্যাপী পশ্চিমবঙ্গ রাজ্যস্তরের ফুটবল টুর্নামেন্ট। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক শমীক ভট্টাচার্য, পানিহাটির বিধায়িকা রত্না দেবনাথ-সহ বিজেপির একাধিক নেতা-কর্মী।

অনুষ্ঠানেই বিধায়িকার স্বামী শেখর দেবনাথ সংবাদমাধ্যমের সামনে ক্ষোভ প্রকাশ করেন। তাঁর অভিযোগ, দলের কর্মসূচিতে পানিহাটির বিধায়িকাকে যথাযথ গুরুত্ব দেওয়া হচ্ছে না। এমনকি তাঁকে কার্যত উপেক্ষা করা হচ্ছে বলেও দাবি করেন তিনি। শেখর দেবনাথের বক্তব্য, “পানিহাটির বিধায়ককে অপমানিত করা হচ্ছে। এমএলএ-কে পাত্তাই দেওয়া হচ্ছে না। নিজেদের ইচ্ছামতো প্রোগ্রাম করছে।”

আরও দেখুন:-GDP বৃদ্ধি থেকে রেটিং—ভারতের অর্থনীতির অগ্রগতি তুলে ধরে বিরোধীদের নিশানা শাহের

তবে স্বামীর অভিযোগ নিয়ে সরাসরি কোনও মন্তব্য করতে চাননি বিধায়িকা রত্না দেবনাথ। তাঁকে অপমানিত করা হয়েছে কি না জানতে চাওয়া হলে তিনি স্পষ্ট জানান, “না, অপমানিত হইনি। এই বিষয়ে আমি কথা বলতে চাই না।”

ঘটনা নিয়ে বিজেপির অন্য নেতারাও প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। ফলে স্বামীর অভিযোগ এবং বিধায়িকার বক্তব্যের মধ্যে তৈরি হয়েছে ভিন্ন সুর। বিষয়টি নিয়ে দলের অন্দরে কোনও অসন্তোষ রয়েছে কি না, তা নিয়েই এখন প্রশ্ন উঠছে।