নিউজপোল ব্যুরো:বিশ্বজুড়ে যুদ্ধ, অস্থিরতা ও আর্থিক অনিশ্চয়তার আবহের মধ্যেও ভারতের অর্থনীতি এগিয়ে চলেছে বলে দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার ‘ইউপি ইন্টারন্যাশনাল ট্রেড শো ২০২৬’-এর মঞ্চ থেকে অর্থনীতির বিভিন্ন পরিসংখ্যান তুলে ধরে সমালোচকদের জবাব দেন তিনি।
অমিত শাহের দাবি, ভারতের GDP বৃদ্ধির হার নিয়ে প্রশ্ন তোলা হলেও বাস্তব চিত্র ভিন্ন। তাঁর বক্তব্য অনুযায়ী, শেষ ত্রৈমাসিকে দেশের অর্থনৈতিক বৃদ্ধির হার ছিল ৭.৮ শতাংশ। পাশাপাশি আন্তর্জাতিক রেটিং সংস্থাগুলির মূল্যায়নের কথাও তুলে ধরেন তিনি। শাহ জানান, মুডি’স ভারতের বৃদ্ধির পূর্বাভাস ৬ শতাংশ থেকে বাড়িয়ে ৭ শতাংশ করেছে। জাপানের রেটিং সংস্থা JCR-ও ভারতের সার্বভৌম রেটিং BBB+ থেকে বাড়িয়ে A- করেছে বলে উল্লেখ করেন তিনি।
আরও দেখুন:-আকাশের মুখ ভার! আজ কোথায় ভারী বৃষ্টি, জেনে নিন আপনার জেলার খবর
ভারতের অর্থনীতিকে ‘মৃত’ বলে সমালোচনা করার প্রসঙ্গেও সরব হন স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর বক্তব্য, একের পর এক ইতিবাচক অর্থনৈতিক সূচক থাকা সত্ত্বেও কেউ কেউ দেশের অগ্রগতিকে স্বীকার করতে চাইছেন না।
একইসঙ্গে ২০৪৭ সালের মধ্যে ভারতকে বিশ্বের শীর্ষ দেশগুলির অন্যতম হিসেবে গড়ে তোলার লক্ষ্যের কথাও বলেন শাহ। মুক্ত বাণিজ্য চুক্তি, রফতানি এবং প্রতিরক্ষা উৎপাদনের প্রসঙ্গ তুলে দেশের অর্থনীতিতে নতুন সম্ভাবনার কথাও তুলে ধরেন তিনি।
