আকাশের মুখ ভার! আজ কোথায় ভারী বৃষ্টি, জেনে নিন আপনার জেলার খবর

breakingnews আবহাওয়া কলকাতা

নিউজপোল ব্যুরো:  শনিবার সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে আকাশের মুখ ভার থাকতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা-সহ একাধিক জেলায় দিনভর আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির কোনও সতর্কতা নেই।

অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি। দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ ওড়িশা ও সংলগ্ন ছত্তিশগড়ের উপর থাকা নিম্নচাপটি ধীরে ধীরে দুর্বল হচ্ছে। তবে তার প্রভাবে রাজ্যে এখনও বৃষ্টির পরিস্থিতি বজায় রয়েছে।

কলকাতাতেও শনিবার আংশিক মেঘলা আকাশের সঙ্গে ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। সমুদ্রে ঝোড়ো হাওয়া থাকায় মৎস্যজীবীদের জন্য সতর্কতা বজায় রয়েছে। রবিবারও রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে সপ্তাহান্তে বাইরে বেরোনোর আগে আবহাওয়ার আপডেট দেখে নেওয়াই ভালো।