পুরভোটের আগে বঙ্গ বিজেপিতে বড় সাংগঠনিক রদবদল, বদল ৭ জেলা সভাপতি ও ৪ মোর্চার নেতৃত্ব

breakingnews রাজনীতি রাজ্য

নিউজপোল ব্যুরো: পুরভোটের আগে পশ্চিমবঙ্গ বিজেপির সংগঠনে বড়সড় রদবদল। রাজ্যের একাধিক সাংগঠনিক জেলায় নেতৃত্ব পরিবর্তনের পাশাপাশি চারটি মোর্চাতেও নতুন মুখ আনা হয়েছে। শুক্রবার এই পরিবর্তনের কথা সামনে আসে। সাতটি সাংগঠনিক জেলার সভাপতি বদল করা হয়েছে। পরিবর্তনের তালিকায় রয়েছে বারাসত, বনগাঁ, আরামবাগ, শ্রীরামপুর, মেদিনীপুর, বর্ধমান ও কাটোয়া।

এর পাশাপাশি যুব, মহিলা, এসসি এবং ওবিসি মোর্চাতেও নেতৃত্বে বদল এসেছে। যুব মোর্চার নতুন সভাপতি হয়েছেন আমতার বিধায়ক অমিত সামন্ত। মহিলা মোর্চার দায়িত্ব পেয়েছেন অঞ্জনা বসু। ওবিসি মোর্চার সভাপতি হয়েছেন ধনঞ্জয় ঘোষ এবং এসসি মোর্চার দায়িত্ব দেওয়া হয়েছে বিশ্বজিৎ সামন্তকে।

দলীয় সূত্রের বক্তব্য, বিধানসভা নির্বাচনের পর সাংগঠনিক দায়িত্বে থাকা বেশ কয়েকজন নেতা মন্ত্রী বা জনপ্রতিনিধি হওয়ায় পদগুলির মধ্যে সমন্বয় তৈরি করা প্রয়োজন হয়ে পড়ে। সেই কারণেই ‘এক ব্যক্তি, এক পদ’ নীতিকে সামনে রেখে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে বলে জানা যাচ্ছে।

এর আগে বৃহস্পতিবার দিল্লিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সঙ্গে বাংলার শীর্ষ নেতাদের বৈঠক হয়েছিল। বৈঠকের পরই রাজ্য সংগঠনে এই পরিবর্তন তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সামনে পুরভোট থাকায় বুথস্তর থেকে জেলা সংগঠন পর্যন্ত দলকে নতুন করে সাজানোর প্রক্রিয়া চলছে।