নিউজপোল ব্যুরো:প্রিয় ক্রিকেট তারকার সঙ্গে একবার দেখা করার ইচ্ছে ছিল। সেই ইচ্ছেটাই এবার সত্যি হল পুদুচেরির একদল স্কুলপড়ুয়ার। প্রথমবার বিমানে চেপে কলকাতায় এসে শুক্রবার বেহালায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে পৌঁছয় ২০ থেকে ২২ জন পড়ুয়া। সামনে সৌরভকে দেখে স্বাভাবিকভাবেই উচ্ছ্বাসে মেতে ওঠে খুদেরা।
‘ফ্লাইটস অফ ফ্যান্টাসি’ নামে একটি উদ্যোগের মাধ্যমে পড়ুয়াদের কলকাতায় নিয়ে আসা হয়েছে। পুদুচেরি রিভেজ রাউন্ড টেবিল ১০৪ এবং ক্যালকাটা স্টার্লিং রাউন্ড টেবিল ১০৬-এর যৌথ উদ্যোগে এই আয়োজন। সৌরভও খুদেদের সঙ্গে বেশ কিছুটা সময় কাটান। তাঁদের সঙ্গে ছবি তোলেন, অটোগ্রাফ দেন। পড়ুয়াদের হাতে নিজের তরফ থেকে উপহারও তুলে দেন তিনি। ব্যাটে ‘দাদা’র অটোগ্রাফ পেয়ে খুশি খুদেরা। কলকাতার বিভিন্ন জায়গা ঘুরে দেখার পরিকল্পনাও রয়েছে তাদের।
আরও দেখুন:-বেহাল রাস্তার জেরে পুকুরে উল্টে পড়ল গমবোঝাই লরি, বাদুড়িয়ায় চরম দুর্ভোগ
অন্যদিকে মহালয়ার দিন ইডেন গার্ডেনে হতে চলা বিশেষ অনুষ্ঠান নিয়েও কথা বলেন সৌরভ। জানান, অনুষ্ঠান নিয়ে সকালে বৈঠক হয়েছে। সেখানে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর উপস্থিত থাকার কথা রয়েছে। দেশের বিভিন্ন জায়গা থেকে বহু মানুষও আসবেন। ফলে মহালয়ার দিন ইডেনকে ঘিরে আলাদা একটা উৎসাহ তৈরি হবে বলেই মনে করছেন সৌরভ।
