নিউজপোল ব্যুরো:বেহাল রাস্তার জেরে পুকুরে উল্টে পড়ল গমবোঝাই লরি। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া এলাকায়। স্থানীয় সূত্রে খবর, যদুরহাটি হাসপাতাল মোড় থেকে নারায়ণপুর পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা। একাধিক জায়গায় বড় বড় গর্ত তৈরি হয়েছে। বৃষ্টির জল জমে সেই গর্তগুলি কার্যত পুকুরের চেহারা নিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, এই রাস্তা দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করেন। রাস্তার দুই প্রান্তে রয়েছে হাসপাতাল, পাশাপাশি রয়েছে হাই স্কুল, প্রাথমিক স্কুল ও কলেজ। ফলে পড়ুয়া থেকে শুরু করে রোগী, গর্ভবতী মহিলা এবং সাধারণ মানুষকে প্রতিদিনই সমস্যার মধ্যে পড়তে হচ্ছে।
আরও দেখুন:-নন্দীগ্রামে বিজেপি প্রার্থী হাসিরানি রথের মনোনয়ন কি বাতিল হবে? রায় স্থগিত হাইকোর্টে
অভিযোগ, বেহাল রাস্তার কারণে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটে। এবার গমবোঝাই একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে উল্টে পড়ে। স্থানীয়দের দাবি, দ্রুত রাস্তা সংস্কার না হলে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে। বিষয়টি নিয়ে স্থানীয় বিজেপি নেতা দীপঙ্কর মণ্ডল জানান, দীর্ঘদিন ধরে রাস্তার অবস্থা খারাপ। বিষয়টি ব্লক প্রশাসন ও সংশ্লিষ্ট দফতরকে জানানো হয়েছে।
অন্যদিকে, যদুরহাটি উত্তর গ্রাম পঞ্চায়েতের প্রধান হাবিবুল্লা মণ্ডল জানান, রাস্তার সমস্যার কথা তাঁরা জানেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে এবং দ্রুত সমস্যা সমাধানের আশা রয়েছে।
