নন্দীগ্রামে বিজেপি প্রার্থী হাসিরানি রথের মনোনয়ন কি বাতিল হবে? রায় স্থগিত হাইকোর্টে

breakingnews রাজনীতি রাজ্য

নিউজপোল ব্যুরো:নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী হাসিরানি রথের মনোনয়ন ঘিরে তৈরি হয়েছে নতুন জটিলতা। তাঁর মনোনয়ন বাতিলের দাবিতে কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া মামলার শুনানি শেষে আপাতত রায় স্থগিত রেখেছে আদালত। ফলে এই মুহূর্তে হাসিরানি রথের প্রার্থিতা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চে মামলাটির শুনানি হয়। কংগ্রেসের অভিযোগ, হাসিরানি রথের মনোনয়নপত্রে উল্লেখ করা বয়সের সঙ্গে তাঁর মাধ্যমিকের নথিতে থাকা তথ্যের সামঞ্জস্য নেই। মামলাকারীদের দাবি, তিনি ১৯৬৫ সালে চৌখালি গঙ্গাখালি বালিকা বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করেছেন। অথচ মনোনয়নপত্রে দেওয়া বয়সের সঙ্গে ওই তথ্যের মিল নিয়ে প্রশ্ন উঠেছে।

আরও দেখুন:–১৫ লক্ষ টাকার অভিযোগে গ্রেফতার অজিত মাইতি, রাজনৈতিক মহলে চাঞ্চল্য

কংগ্রেসের আইনজীবী ঋজু ঘোষাল আদালতে দাবি করেন, হয় বয়স সংক্রান্ত তথ্য ভুল, নয়তো মাধ্যমিকের সার্টিফিকেট নিয়ে প্রশ্ন রয়েছে। তাঁর বক্তব্য, ভুল তথ্য প্রমাণিত হলে রিটার্নিং অফিসারের মনোনয়ন বাতিল করার ক্ষমতা রয়েছে।

অন্যদিকে, নির্বাচন কমিশনের তরফে প্রশ্ন তোলা হয়, মনোনয়নপত্র স্ক্রুটিনির সময় কেন এই অভিযোগ জানানো হয়নি। সব পক্ষের বক্তব্য শোনার পর রায়দান স্থগিত রেখেছে হাইকোর্ট। এখন আদালতের পরবর্তী নির্দেশের দিকেই নজর।