Anil Ambani : বাবার পর ছেলেও জেরায়, অম্বানী পরিবারকে ঘিরে সিবিআই তদন্তে নতুন মোড়

breakingnews দেশ ব্যবসা-বাণিজ্য

নিউজ পোল ব্যুরো: অনিল অম্বানী (Anil Ambani) একসময় টেলিকম দুনিয়ার শীর্ষে ছিলেন। এখন তিনি জালিয়াতির অভিযোগে জেরার মুখে। ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগকে কেন্দ্র করে নতুন করে বিতর্কের মুখে পড়েছেন শিল্পপতি অনিল অম্বানী (Anil Ambani)। এই মামলার তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI) তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায়। নির্ধারিত সময় অনুযায়ী গতকাল অর্থাৎ বৃহস্পতিবার সকালে তিনি সিবিআইয়ের (CBI) দফতরে উপস্থিত হন। স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার দায়ের (SBI) করা অভিযোগের ভিত্তিতেই এই তদন্ত শুরু হয়েছে বলে খবর। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, টানা দুই দিন ধরে তাকে বিভিন্ন আর্থিক লেনদেন এবং ঋণ সংক্রান্ত বিষয়ে প্রশ্ন করা হবে। এর আগেও এই মামলায় অম্বানী পরিবারের আরও একজন সদস্যের নাম জড়িয়েছে। কয়েকদিন আগে অনিল অম্বানীর (Anil Ambani) পুত্র জয় আনমোল অম্বানীকেও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। দীর্ঘ প্রায় ছয় ঘণ্টা ধরে তাকে নানা বিষয়ে প্রশ্ন করা হয়। অভিযোগ উঠেছে, সংস্থার নেওয়া ঋণের অর্থ নির্ধারিত কাজে ব্যবহার না করে অন্যত্র খরচ করা হয়েছে।

আরও পড়ুন : Weather Update: দুই বঙ্গ জুড়ে ফের ঝড়-বৃষ্টির দাপট! সপ্তাহান্তে বাড়বে দুর্যোগের আশঙ্কা

রিলায়েন্স কমিউনিকেশন (Reliance Communications) একসময় দেশের টেলিকম বাজারে একটি গুরুত্বপূর্ণ নাম ছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে আর্থিক সমস্যায় জর্জরিত হয়ে পড়ে এই সংস্থা। বিপুল ঋণের বোঝা সামলাতে হিমশিম খেতে হয়। সিবিআইয়ের (CBI) অভিযোগ অনুযায়ী, ব্যবসার জন্য নেওয়া বিপুল অঙ্কের ঋণ অন্য কাজে ব্যবহার করা হয়েছে, যা ব্যাঙ্কিং নিয়মের পরিপন্থী। এই কারণেই এসবিআই (SBI) একটি এফআইআর দায়ের করে এবং পুরো আর্থিক লেনদেন খতিয়ে দেখা শুরু হয়। তদন্তকারীরা সংস্থার বিভিন্ন অ্যাকাউন্ট, লোনের ব্যবহার এবং আর্থিক সিদ্ধান্তগুলি বিশ্লেষণ করছেন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

অন্যদিকে, অনিল অম্বানীর (Anil Ambani) পক্ষ থেকে জানানো হয়েছে যে তিনি তদন্তে পূর্ণ সহযোগিতা করছেন এবং সমস্ত তথ্য যথাসময়ে সরবরাহ করা হচ্ছে। তবে বিষয়টি এখানেই শেষ নয়। সিবিআই (CBI) ছাড়াও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) ইতিমধ্যেই এই মামলায় আলাদা তদন্ত শুরু করেছে। গত মাসে মুম্বইয়ে অবস্থিত অনিল অম্বানীর (Anil Ambani) একটি বিলাসবহুল ১৭ তলা আবাসন ইডি (ED) বাজেয়াপ্ত করে। এই ঘটনাকে ঘিরেও ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। একাধিক সংস্থার তদন্তে এখন চাপে রয়েছেন অনিল অম্বানী (Anil Ambani) এবং তার সংস্থা।