নিউজপোল ব্যুরো: বর্ধমানে সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে কৃষক, বেকার যুবক-যুবতী এবং বিভিন্ন শ্রেণির মানুষের জন্য একাধিক ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুলিশ লাইনের মাঠে বিদ্যুৎ দফতরের অনুষ্ঠানে তিনি জানান, রাজ্যের প্রায় ৪ লক্ষ কৃষক সেচের কাজে ব্যবহৃত বিদ্যুৎ সংযোগে প্রতি ইউনিটে ২ টাকা করে ভর্তুকি পাবেন। তাঁর দাবি, বছরে প্রায় ২৫-৩০ হাজার টাকা পর্যন্ত বিদ্যুৎ খরচে সাশ্রয় হতে পারে।
পূর্ব বর্ধমান জেলায় প্রায় ২৫ হাজার কৃষক এই সুবিধা পাবেন বলে জানান তিনি। সাবমার্সিবল, পাম্পসেট ও গভীর নলকূপের সংযোগ এই সুবিধার আওতায় থাকবে। এদিন কয়েকজন উপভোক্তার হাতে শংসাপত্র তুলে দেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনার উপভোক্তাদেরও শংসাপত্র দেওয়ার কর্মসূচি ছিল।
কর্মসংস্থান নিয়েও বড় ঘোষণা করেন শুভেন্দু। তাঁর দাবি, চলতি অর্থবর্ষে এক লক্ষ চাকরি দেওয়া হবে। নিয়োগে কোনও রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না বলেও জানান তিনি। OBC সংক্রান্ত জট কাটানো এবং কনস্টেবল নিয়োগে স্বচ্ছতার কথাও তুলে ধরেন।
আবাস যোজনার টাকা এবং আগের সরকারের আমলে বালির টাকা লুটের অভিযোগ নিয়েও বক্তব্য রাখেন তিনি। পাশাপাশি বয়স্ক ভাতা আরও বাড়ানোর আশ্বাস দেন। আলু চাষিদের ডিসেম্বর থেকেই জমি প্রস্তুত করার পরামর্শ দেন তিনি। এছাড়াও তিনি আলু চাষীদের বিশেষ প্যাকেজের কথাও জানান।
