নিউজ পোল ব্যুরো: সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণার পরেই রাজনৈতিক সমীকরণে নড়াচড়া শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে লাভলী মৈত্রের নাম সামনে আসতেই বিরোধী শিবিরে ভাঙনের ছবি স্পষ্ট হয়ে উঠেছে। বিজেপি ও সিপিএমের একাধিক কর্মী-সমর্থক দল ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার রাজপুর টাউনে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই যোগদান সম্পন্ন হয়।
আরও পড়ুন: Election 2026: ভবানীপুরে জোড়াফুলের আত্মবিশ্বাস, শমীকের নিশানায় মুখ্যমন্ত্রী
এই অনুষ্ঠানে উপস্থিত থেকে নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন সোনারপুর দক্ষিণের তৃণমূল প্রার্থী লাভলী মৈত্র। তিনি নতুন সদস্যদের স্বাগত জানিয়ে বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে উন্নয়নের কাজ চলছে, তার ওপর আস্থা রেখেই সাধারণ মানুষ তৃণম্প কংগ্রেসের সঙ্গে যুক্ত হচ্ছেন। তাঁর দাবি, আগামী দিনেও আরও বহু মানুষ বিরোধী দল ছেড়ে ঘাসফুল শিবিরে যোগ দেবেন।

এই যোগদান কর্মসূচিকে ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তাপও বাড়তে শুরু করেছে। অনুষ্ঠানে উপস্থিত বিজেপির প্রাক্তন বুথ সভাপতি নিরুপম রায় জানান, প্রায় ৩০ থেকে ৩৫ জন কর্মী একসঙ্গে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। তাঁর কথায়, এলাকার উন্নয়নের স্বার্থেই তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন। মানুষের স্বার্থে কাজ করতে চাই বলেই তাঁরা শাসকদলের সঙ্গে যুক্ত হওয়ার পথ বেছে নিয়েছেন বলে জানান তিনি।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
অন্যদিকে সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া কর্মী শেখর মান্নাও একই সুরে বলেন, এলাকার সার্বিক উন্নয়নের কাজে সক্রিয়ভাবে অংশ নিতে চান তিনি। সেই লক্ষ্যেই তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।ভোটের আগে সোনারপুর দক্ষিণে এই দলবদল রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা তৈরি করেছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, প্রার্থী ঘোষণার পরেই বিরোধী শিবিরে এই ভাঙন আগামী দিনে ভোটের সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
