নিউজ পোল ব্যুরো: আইপিএলের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) বিক্রির প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। একটি প্রতিবেদনে জানা গিয়েছে, দলটি কেনার দৌড়ে বর্তমানে দুই পক্ষ শেষ লড়াইয়ে রয়েছে। এর মধ্যে অন্যতম সুইডেনের প্রাইভেট ইক্যুইটি সংস্থা ইকিউটি (EQT)। অন্যদিকে আরেকটি শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হল একটি কনসোর্টিয়াম, যেখানে রয়েছেন মণিপাল হাসপাতালের কর্ণধার ব্যবসায়ী রঞ্জন পাই, মার্কিন বিনিয়োেগ সংস্থা কোলবার্গ ক্রাভিস রবার্টস অ্যান্ড কো (KKR) এবং সিঙ্গাপুরের বিনিয়োগ সংস্থা টেমাসেক।
আরও পড়ুন: IPL 2026: কেকেআরে ঘোষণা হল অধিনায়কের নাম! আইপিএলে কলকাতাকে নেতৃত্ব দেবেন কে ?
প্রাথমিকভাবে আরও কয়েকটি সংস্থা এই ফ্র্যাঞ্চাইজি কেনার ব্যাপারে আগ্রহ দেখালেও শেষ পর্যন্ত অনেকেই সরে দাঁড়িয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল ইংল্যান্ডের ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের সহ-মালিক গ্লেজার পরিবার এবং সেরাম ইনস্টিটিউটের প্রধান আদার পুনাওয়ালা। জানা গিয়েছে, গ্লেজাররা প্রায় ১.৮ বিলিয়ন ডলারের একটি প্রাথমিক প্রস্তাব দিয়েছিল। তবে সুইডিশ সংস্থা ইকিউটি তাদের দর বাড়িয়ে প্রায় ২ বিলিয়ন ডলারের কাছাকাছি নিয়ে যায়। ফলে বাজার বিশেষজ্ঞদের মতে, আরসিবি বিক্রির সম্ভাব্য মূল্য প্রায় ২ বিলিয়ন ডলার বা তারও বেশি হতে পারে। এই পুরো বিক্রয় প্রক্রিয়ার দায়িত্বে রয়েছে আরসিবির বর্তমান মালিক সংস্থা ডিয়াজিও গ্রুপ (Diageo)। বাজার সূত্রে জানা গিয়েছে, সংস্থাটি আগামী ৩১ মার্চের মধ্যে এই চুক্তি চূড়ান্ত করতে চায়। ফলে আগামী কয়েক দিনের মধ্যেই এই বহুল আলোচিত বিক্রির ব্যাপারে বড় ঘোষণা হতে পারে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
অন্যদিকে আইপিএলের আরেক ফ্র্যাঞ্চাইজিরাজস্থান রয়্যালস-এর প্রতিও বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে। জানা গিয়েছে, ইতিমধ্যেই তিনটি পক্ষের কাছ থেকে বাধ্যতামূলক দরপত্র জমা পড়েছে। এর মধ্যে আদিত্য বিড়লা গোষ্ঠীকে এগিয়ে রাখা হচ্ছে। প্রথমে ফ্র্যাঞ্চাইজিটির কেবলমাত্র সংখ্যাগরিষ্ঠ অংশ বিক্রির পরিকল্পনা থাকলেও এখন সম্পূর্ণ বিক্রির সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। সূত্রের খবর, সম্ভাব্য দরপত্রের পরিমাণ ১.১ বিলিয়ন থেকে ১.৩৫ বিলিয়ন ডলারের মধ্যে হতে পারে। এই বিক্রয় প্রক্রিয়া তদারকি করছে আন্তর্জাতিক বিনিয়োগ সংস্থা রেইন গ্রুপ, যারা এর আগে ইংল্যান্ডের ক্রিকেট প্রতিযোগিতা দ্য হান্ড্রেড-এর ফ্র্যাঞ্চাইজি বিক্রির কাজও পরিচালনা করেছিল। সব মিলিয়ে আইপিএলের দলগুলিকে ঘিরে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আগ্রহ এখন তুঙ্গে।
