Robert Vadra: ইডির কঠোর পদক্ষেপ! গান্ধী পরিবারের জামাইয়ের বিরুদ্ধে নতুন চার্জশিট

দেশ

নিউজ পোল ব্যুরো: ইডির (Enforcement Directorate) চার্জশিট জমা পড়তেই আবারও রাজনৈতিক মহলে চর্চার কেন্দ্রবিন্দু রবার্ট বঢরা (Robert Vadra) সোনিয়া গান্ধীর (Sonia Gandhi) জামাই এবং প্রিয়াঙ্কা গান্ধীর (Priyanka Gandhi) স্বামী। আর্থিক অনিয়মের তদন্তে নতুন মোড় এনে তার বিরুদ্ধে এ বার আনুষ্ঠানিক অভিযোগপত্র জমা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)।

আরও পড়ুন: Donald Trump: ‘মামদানির জয় শহরের জন্য বিপর্যয়’, সতর্কবার্তা ট্রাম্পের

ইউপিএ সরকারের শাসনকালে প্রতিরক্ষা চুক্তি ঘিরে ব্যাপক দুর্নীতির অভিযোগে যে কেলেঙ্কারি সামনে আসে, সেই মামলার মূল অভিযুক্ত আন্তর্জাতিক অস্ত্র ব্যবসায়ী সঞ্জয় ভাণ্ডারির সঙ্গে বঢরার সম্ভাব্য যোগসূত্র খতিয়ে দেখছে ইডি। ৪০০ কোটি টাকার ঘুষ লেনদেনের অভিযোগ রয়েছে ভাণ্ডারির বিরুদ্ধে। তদন্তের নিম্নধারায় নাম জড়ানোয় বেশ কিছু দিন ধরেই ইডির নজরদারিতে ছিলেন রবার্ট বঢরা (Robert Vadra)। গত জুলাই মাসেই তাকে দিল্লির এপিজে আব্দুল কালাম রোডের ইডি দফতরে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়।

অন্যদিকে, একই মামলায় ইডির আবেদন মঞ্জুর করে দিল্লির আদালত গত ৫ জুলাই সঞ্জয় ভাণ্ডারিকে ‘পলাতক’ ঘোষণা করে। বর্তমানে ইংল্যান্ডে অবস্থান করছেন তিনি। ২০২০ সালের ১৫ জুলাই ভাণ্ডারিকে লন্ডনে গ্রেপ্তার করা হলেও ১.২ মিলিয়ন ডলার এবং নিজের পাসপোর্ট আদালতের কাছে জমা রেখে জামিন পান। তারপর থেকেই সেন্ট্রাল লন্ডনের একটি ঠিকানায় গৃহবন্দি থাকছেন এবং প্রতিদিন স্থানীয় থানায় হাজিরা দিচ্ছেন। ভারত সরকার তাকে দেশে প্রত্যর্পণের জন্য সক্রিয়ভাবে চেষ্টা চালাচ্ছে। অভিযোগ রয়েছে, বিদেশি প্রতিরক্ষা সংস্থার কাছ থেকে বিপুল অঙ্কের টাকা গ্রহণ করে ভাণ্ডারি বিদেশে একাধিক প্রতিষ্ঠানের সঙ্গে বেআইনি আর্থিক লেনদেনে যুক্ত হন।

এই পুরো তদন্তে বারবার উঠে এসেছে রবার্ট বঢরার (Robert Vadra) নাম। পেশায় ব্যবসায়ী ৫৬ বছরের বঢরার রাজনৈতিক ইচ্ছা প্রকাশ্যে আসে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে, যখন তিনি কংগ্রেসের টিকিটের জন্য সরাসরি আগ্রহ দেখান। যদিও শেষ পর্যন্ত দল তাকে প্রার্থী করেনি। পরে প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi) উপনির্বাচনে লড়াইয়ের সিদ্ধান্ত নিলে আবারও নিজের সাংসদ হওয়ার ইচ্ছার কথা প্রকাশ করেছিলেন বঢরা কিন্তু সেবারও কংগ্রেস নেতৃত্ব তার অনুরোধে সাড়া দেয়নি। ইডির জমা দেওয়া নতুন চার্জশিটে কী আছে, সেটি আদালতে পেশ হওয়ার পর ধীরে ধীরে পরিষ্কার হবে। তবে আপাতত এই মামলা ঘিরে বঢরা ও গান্ধী পরিবারের ওপর চাপ আরও বেড়ে গেল বলেই রাজনৈতিক পর্যবেক্ষকদের মত।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole