PM Modi: “জেলে বসে সরকার নয়”, নতুন বার্তায় বিরোধীদের নিশানা করলেন মোদী

দেশ

নিউজ পোল ব্যুরো: ভোটের দামামা বেজে গেছে। আর সেই আবহেই একের পর এক কড়া বার্তা দিতে শুরু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi)। বৃহস্পতিবার বিহারের মঞ্চ থেকে তিনি জানিয়ে দিলেন,“দেশে আর জেল থেকে সরকার চালানোর দিন শেষ।” মন্ত্রিত্ব বাতিল সংক্রান্ত প্রস্তাবিত বিল ঘিরে বিরোধীদের যতই হইচই থাকুক না কেন, মোদীর সাফ বার্তা—এই দেশের রাজনীতিতে নৈতিকতা ফিরিয়ে আনার সময় এসে গেছে।

আরও পড়ুন: Stray Dog Rules: “আক্রমণ নয়, দায়িত্ব চাই”, বেওয়ারিশ কুকুর নিয়ে সুপ্রিম কোর্টের ৫ কড়া বার্তা

বিহারে ভাষণ দিতে গিয়ে মোদী (PM Modi) কড়া ভাষায় বলেন, “একজন সাধারণ সরকারি কর্মীকে যদি ৫০ ঘণ্টা পুলিশ হেফাজতে রাখা হয়, তাকে সাসপেন্ড করে দেওয়া হয়। অথচ এক মুখ্যমন্ত্রী, মন্ত্রী কিংবা প্রধানমন্ত্রী যদি জেলে থাকেন, তিনিও সরকার চালিয়ে যেতে পারেন! এটা কীভাবে গ্রহণযোগ্য?” এই বক্তব্য যে বিরোধীদের প্রতি সরাসরি বার্তা, তা আর আলাদা করে বলার প্রয়োজন নেই। বিহারের (Bihar) প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের (Lalu Prasad Yadav) নাম না করেই মোদী বলেন, “আমরা অতীতে দেখেছি কীভাবে জেলে বসে সরকার চালানো হয়। ফাইলেও সই হয়, নির্দেশও জারি হয়। এরকম রাজনীতি দুর্নীতিকে আরও প্রশ্রয় দেয়।”

এই বক্তব্যের পরই তিনি জানান, কেন্দ্র সরকার এমন একটি নতুন আইন আনতে চলেছে যেখানে, “কোনও জনপ্রতিনিধি গুরুতর অপরাধে আদালতের নির্দেশে যদি ৩০ দিন বা তার বেশি জেল হেফাজতে থাকেন, তবে তাকে ৩১তম দিনেই পদত্যাগ করতে হবে।” এই আইন কার্যকর হলে প্রধানমন্ত্রীও এই নিয়মের বাইরে থাকবেন না, বলে স্পষ্ট করেন মোদী (PM Modi)। এই প্রস্তাবিত নিয়ম সংবলিত ১৩০তম সংবিধান সংশোধনী বিল ইতিমধ্যেই সংসদে পেশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তবে বিরোধীদের প্রবল আপত্তিতে বিলটি পাশ হয়নি। আপাতত সেটিকে যৌথ সংসদীয় কমিটির (JPC) বিবেচনার জন্য পাঠানো হয়েছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole