Kaushiki Amavasya 2025: কৌশিকী অমাবস্যায় তারাপীঠে মায়ের বিশেষ পুজোয় ভক্তদের ঢল

জেলা

নিউজ পোল ব্যুরো: আজ কৌশিকী অমাবস্যা(Kaushiki Amavasya 2025)। এই তিথিকে ঘিরে বীরভূমের(Birbhum) তারাপীঠ(Tarapith) মন্দিরে ভোর থেকেই ভক্তদের ভিড় উপচে পড়ছে।

আরও পড়ুন: Heavy Rainfall Alert: ঘূর্ণাবর্ত ও অক্ষরেখার প্রভাবে তাণ্ডব দেখাবে বৃষ্টি, আগামী কয়েকদিন বাংলার একাধিক জেলায় ভারি বর্ষণের পূর্বাভাস

একেবারে সাজো সাজো রব। ভক্তদের বিশ্বাস, এই দিনে সাধক বামাক্ষ্যাপা সিদ্ধিলাভ করেছিলেন তারাপীঠ(Tarapith)মহাশ্মশানে শ্বেত শিমূল গাছের তলায়। কথিত আছে, কৌশিকী রূপে মা তারা শুম্ভ-নিশুম্ভ দানবের বিনাশ ঘটান। সেই সূত্রেই এই অমাবস্যার নাম হয় ‘কৌশিকী অমাবস্যা’(Kaushiki Amavasya 2025)। মা তারা দশ মহাবিদ্যার মধ্যে দ্বিতীয়, আর কৌশিকী রূপে তাঁর বিশেষ পূজা হয় এই তিথিতে।

এ বছর অমাবস্যায় দুপুরের আগেই শুরু হয়ে যায় মায়ের মধ্যাহ্নভোজনের আয়োজন। সকালেই মঙ্গলারতি দিয়ে শুরু হয় মায়ের সেবা পূজা। দুপুর থেকে শুরু হয়েছে বিশেষ পূজা। হাজার হাজার ভক্ত মায়ের দর্শনে উপস্থিত হয়েছেন তারাপীঠে। মন্দির চত্বরে ভক্তদের ভিড় সামলাতে সাজানো হয়েছে একাধিক ব্যবস্থা। মন্দির প্রাঙ্গণজুড়ে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা, তৈরি হয়েছে ১২টি অস্থায়ী ওয়াচ টাওয়ার। নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন প্রায় পাঁচশো পুলিশ আধিকারিক, দেড় হাজার পুলিশকর্মী এবং দুই হাজার সিভিক ভলান্টিয়ার। যানবাহন নিয়ন্ত্রণে ৪০টি ড্রপগেট বসানো হয়েছে। ভক্তদের সুবিধার জন্য মন্দির চত্বরেই বসানো হয়েছে জায়েন্ট স্ক্রিন, যাতে সকলে সরাসরি আরতি ও পূজা দেখতে পারেন।

শুধু তারাপীঠ নয়, কলকাতার লেক কালীবাড়ি সহ বিভিন্ন মন্দিরেও কৌশিকী অমাবস্যা উপলক্ষে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে। শহর থেকে গ্রাম সব জায়গাতেই আজ ভক্তরা মা তারার আশীর্বাদ নিতে ভিড় জমাচ্ছেন।

প্রতি বছরই কৌশিকী অমাবস্যায় তারাপীঠে লক্ষাধিক ভক্ত সমবেত হন। বামাক্ষ্যাপার সাধনক্ষেত্রের এই মাহাত্ম্যই ভক্তদের টেনে আনে। এবছরও তার ব্যতিক্রম হয়নি। আধ্যাত্মিকতার আবহে আজ এক অন্য রকম রূপে সেজেছে তারাপীঠ।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole