নিউজ পোল ব্যুরো: চলতি বছরে বর্ষা যেন একেবারেই বিদায় নিতে চাইছে না। বৃহস্পতিবার প্রবল বৃষ্টিতে ভেসেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বহু জেলা। টানা বৃষ্টিতে কলকাতার একাধিক জায়গা জলমগ্ন হয়েছে। আজ শুক্রবার একাধিক জেয়গায় ভারি বৃষ্টি হবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। হাওয়া অফিস শুক্রবার ও শনিবার দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে। আজ ও আগামীকাল দুইদিন দফায় দফায় বৃষ্টিপাত চলবে।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী বৃষ্টির সঙ্গেই হালকা থেকে মাঝারি ধরনের ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ চলবে। প্রায় সব জেলাতেই এই ঝড়বৃষ্টির প্রভাব পড়বে। রবিবার থেকে বৃষ্টি কিছুটা কমতে পারে তবে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। হাওয়া অফিস জানিয়েছে, আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি (৭০ মিলিমিটার থেকে ২০০ মিলিমিটার) হবে বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুরের একটি বা দুটি অংশে। এই তিন জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং হাওড়ার একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি (৭০ মিলিমিটার থেকে ১১০ মিলিমিটার) হবে। হলুদ সতর্কতা জারি করা হয়েছে এই জেলাগুলিতে। ২৫শে অগাষ্ট পর্যন্ত দক্ষিণবঙ্গের জন্য ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির সাথে ঘন্টায় ৩০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। কলকাতা, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে বৃষ্টি বেশি হবে।
হাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। তবে দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গে বৃষ্টির দাপট অতটাও থাকবে না। চলতি সপ্তাহ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আগামী সপ্তাহ পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কোচবিহারসহ উত্তরবঙ্গের পাঁচ জেলায় সোমবার পর্যন্ত চলতে পারে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
