Weather Update: হঠাৎ ঝড়বৃষ্টির দাপট, কলকাতা-সহ একাধিক জেলায় কমলা সতর্কতা

আবহাওয়া কলকাতা জেলা রাজ্য

নিউজপোল ব্যুরো:বিশ্বকর্মা পুজোর আগেই দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বড় বদল। বৃহস্পতিবার দুপুর থেকেই কলকাতা ও সংলগ্ন এলাকায় শুরু হয়েছে ঝড়বৃষ্টি। আকাশ কালো মেঘে ঢেকে যাওয়ার পাশাপাশি বিভিন্ন জায়গায় দমকা হাওয়া ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হচ্ছে। পরিস্থিতির কথা মাথায় রেখে কলকাতা-সহ একাধিক জেলায় কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।

বিধাননগর-সহ সল্টলেকের বিভিন্ন এলাকায় দীর্ঘক্ষণ প্রবল বৃষ্টি হয়েছে। কলকাতার একাধিক অংশেও দফায় দফায় বৃষ্টির দাপট বেড়েছে। দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, নদিয়া এবং পূর্ব বর্ধমানেও ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে। এছাড়াও পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, বাঁকুড়া ও পুরুলিয়ায় প্রবল বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস।

আরও দেখুন:-মিড ডে মিল অস্বাস্থ্যকর? শৌচালয়ে নেই দরজা, নষ্ট কল—ধপধপি হাই স্কুলে ক্ষোভ

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে। বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। ফলে প্রয়োজন ছাড়া বাইরে না বেরনোর এবং খোলা জায়গায় না থাকার পরামর্শ দেওয়া হয়েছে। নিচু এলাকাগুলিতে জল জমার আশঙ্কাও রয়েছে।

শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। শনিবার ও রবিবার বৃষ্টির প্রবণতা কিছুটা কমলেও কয়েকটি জেলায় ঝড়বৃষ্টি হতে পারে। সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে বলে পূর্বাভাস।