নিউজপোল ব্যুরো: মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর প্রথমবার মতুয়া-গড় ঠাকুরনগরে পা রাখলেন শুভেন্দু অধিকারী। রবিবার ঠাকুরবাড়িতে আন্তর্জাতিক গোঁসাই সম্মেলনে যোগ দেওয়ার আগে মন্দিরে পুজো দেন তিনি। ঘণ্টা বাজিয়ে প্রদীপ জ্বালিয়ে আরতি করতেও দেখা যায় তাঁকে। এই সময় তাঁর সঙ্গে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর এবং তাঁর স্ত্রী তথা বিধায়ক সোমা ঠাকুর।
মন্দিরে পুজো দেওয়ার পর ঠাকুরবাড়ির তিন গোঁসাইকে বরণ করা হয়। এরপর ঠাকুরনগরে সভা করার কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। সভা শেষে শান্তনু ঠাকুরের বাড়িতে মধ্যাহ্নভোজ সারবেন তিনি।
মুখ্যমন্ত্রীর আপ্যায়নে বিশেষ আয়োজন করেছেন শান্তনুর স্ত্রী সোমা ঠাকুর। সকাল থেকেই নিজের হাতে রান্নার কাজে ব্যস্ত ছিলেন তিনি। মেনুতে রয়েছে ভাত, উচ্ছে ভাজা, বেগুন ভাজা, পমফ্রেট, চিংড়ির মালাইকারি, মটন, দেশি মুরগির ঝোল, ইলিশ ভাপা ও ইলিশ ভাজা। পাশাপাশি থাকছে মোচা দিয়ে চিংড়ি এবং ঠাকুরবাড়ির বিশেষ পদ চিংড়ি পিঠে। শেষ পাতে দই ও মিষ্টির ব্যবস্থাও রয়েছে।
এদিন শুভেন্দু বলেন, “মতুয়াদের আশীর্বাদেই আমি মুখ্যমন্ত্রী হয়েছি। আজ এখানে সেবা কার্য করতে এসেছি।” তাঁর এই সফর ঘিরে ঠাকুরনগরে রাজনৈতিক ও সামাজিক মহলে বিশেষ আগ্রহ তৈরি হয়েছে।
