নিউজপোল ব্যুরো:বাম আমলের একাধিক পুরনো মামলা নতুন করে খোলার হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার পশ্চিম মেদিনীপুরের গড়বেতার সভা থেকে ছোট আঙারিয়া গণহত্যা এবং ২০০৭ সালের নন্দীগ্রাম আন্দোলনের প্রসঙ্গ তুলে সরব হন তিনি। একই সঙ্গে সিপিআইএমের প্রাক্তন নেতা তপন ঘোষ ও সুকুর আলিকে খুঁজে বের করার জন্য পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার পাপিয়া সুলতানাকে বিশেষ নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।
সভামঞ্চ থেকে শুভেন্দু বলেন, “ছোট আঙারিয়া থেকে শুরু করে ২০০৭-এ নন্দীগ্রামে, গড়বেতার সিপিআইএম অফিস থেকে যারা বন্দুক নিয়ে নন্দীগ্রামে রক্তাক্ত সূর্যোদয় ঘটিয়েছিল, তাদের কেস আমি রিওপেন করব। একটাকেও ছাড়া হবে না।”
এরপর তপন ঘোষের প্রসঙ্গ তুলে তিনি বলেন, “তপন কোথায় এখন? আছে না পালিয়েছে? এসপি ম্যাডাম, খুঁজে আনতে হবে আপনাকে। আমি ওকে জেলে দেখতে চাই।”
উল্লেখ্য, ২০০১ সালে পশ্চিম মেদিনীপুরের ছোট আঙারিয়ায় তৃণমূল কর্মীদের উপর হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছিল। ওই ঘটনায় তপন ঘোষ ও সুকুর আলির নামও অভিযোগের সূত্রে উঠে এসেছিল। দীর্ঘ সময় পেরিয়ে সেই পুরনো ঘটনাগুলিই ফের সামনে এনে নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক পদক্ষেপের বার্তা দিলেন শুভেন্দু।
